শিবচরে ফসলি জমিতে বালুর পানি ঢোকায় বিক্ষোভ করেছেন কৃষকেরা। গতকাল সোমবার সকালে উপজেলার মাদবরেরচর আশ্রয় কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ব্যানার-ফেস্টুন হাতে মাদবরেরচর ইউনিয়নের নতুনকান্দি, ফকিরকান্দি, মুন্সীকান্দি গ্রামের দুই শতাধিক কৃষক এতে অংশ নেন। এর আগে গত রবিবার বিকালে উল্লিখিত স্থানে মানববন্ধন করে কৃষকেরা। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ: পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনে ড্রেজিং-এর বালু ফেলায়, বালুর পানি ও কিছু কাদাযুক্ত মাটি প্রায় ২০০ একর ফসলি জমির উপরে পড়ে এতে জমির ফসল নষ্ট হয়েছে। পাশাপাশি বালুর পানি জমিতে ঢোকায় বোরো ও ইরি মওসুমে প্রায় ৪৫০ একর জমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে না।