শিবালয়ে বাঁধ হুমকির মুখে

মানিকগঞ্জের শিবালয়ে আরিচা-জাফরগঞ্জে রাস্তা কাম বাঁধের নিচের অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধটি। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশংকা করছেন স্থানীয়রা। বাঁধের পাশে যমুনা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ  এলাকাবাসীর। 

ভাঙ্গন রোধে স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদ ও নিহালপুরবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। দেশীয় পদ্ধতিতে বাঁশ পুতে প্লাস্টিকের বেড়া দিয়ে বালির বস্তা ফেলা হচ্ছে।
 
তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, এ ব্যাপারে শিবালয় উপজেলা পরিষদ থেকে চার ফুট বাঁধ মেরামতের জন্য চার লাখ টাকা বাজেট দিয়েছে। যা ইতিমধ্যে খরচ হয়ে আমাদের আরও বাড়তি টাকা খরচ হয়ে গেছে। এ পর্যন্ত সাতশ ফুট বাঁধ মেরামতের কাজ করেছি। এলাকাবাসীরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। বাঁধে কম পক্ষে এক হাজার ফুট মেরামত কাজ করা দরকার। 

আরও পড়ুন: সংবর্ধনার নামে ইউসিসি’র প্রতারণা

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মেহেদী হাসান বলেন, বিষয়টি জানতে পেরে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি হেড অফিসকে জানিয়েছি। বাজেট দিলে কাজ শুরু করব।  

ইত্তেফাক/অনি