ফণীর প্রভাবে উত্তাল সাগরে ডুবে যাওয়া ট্রলারের ১২ জেলে উদ্ধার

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল দক্ষিন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি ট্রলারের নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের ডুবে যাওয়া ট্রলার মালিক জামাল সরদার এ তথ্য নিশ্চিত করেন।

জামাল সরদার বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ৭ নম্বর সংকেত থাকায় উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেরা ট্রলার নিয়ে নিরাপদে ফিরছিল। এমন মুহূর্তে বৃহস্পতিবার দুপুুরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারের পাখার সঙ্গে সংযুক্ত টনপাইপ ফেটে যায়। পরে ওই টনপাইপ দিয়ে ট্রলারের মধ্যে পানি প্রবেশ করে ১২ জেলেকে নিয়ে ডুবে যায়। এ সময় জেলেদের ডাক-চিৎকার শুনে অন্য জেলে ট্রলার এসে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। 

আরও পড়ুনঃ হরিণাকুন্ডুতে একজনকে কুপিয়ে হত্যা

এ সময় ডুবে যাওয়া ট্রলারটি অন্য ট্রলারের সহায়তায় টেনে ডুবোচরের ওপরে উঠিয়ে রাখা হয়। এখন ট্রলারটি ডুবোচরে আটকে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রচুর চেষ্টা চালিয়েও রাত ৭ টা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করে তীরে আনতে পারেনি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।  

ইত্তেফাক/নূহু