ক্লাউড সার্ভিস আনছে বিট টরেন্ট

টরেন্ট ফাইল শেয়ারিংয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন বিট টরেন্ট এবারে ঘোষণা দিয়েছে ক্লাউড সার্ভিসের। সম্প্রতি তারা তাদের এই ক্লাউড সার্ভিসের ঘোষণা দিয়ে জানিয়েছে, তাদের এই ক্লাউড সার্ভিসের নাম হবে ‘সিংক’। সিনক্রোনাইজেশন শব্দ থেকেই গ্রহণ করা হয়েছে ‘সিংক’ শব্দটি। বিট টরেন্টের এই ক্লাউড সার্ভিসের বিশেষত্ব হচ্ছে, এই সার্ভিসে মূলত বিট টরেন্টের সার্ভার ব্যবহার করে ফাইল আদান-প্রদান করার কাজটি বা ফাইল শেয়ারিংয়ের কাজটি করা যাবে। আর তাতে করে অন্যান্য ক্লাউড সার্ভিসে যে ফাইল সংরক্ষণে স্টোরেজের সীমাবদ্ধতা থাকে, তা থাকবে না এই সার্ভিসে। অর্থাত্ বিনামূল্যে যতখুশি ফাইল সংরক্ষণ ও শেয়ার করা যাবে এর মাধ্যমে। এখনও পর্যন্ত অবশ্য পরীক্ষামূলক প্রি-আলফা পর্যায়ে রয়েছে এই সেবাটি। তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এটি চূড়ান্তভাবে যাত্রা শুরু করবে বলেই জানিয়েছে টরেন্ট কর্তৃপক্ষ।