দিনাজপুরের ৬টি আসনেই নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্যরা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুরের ৬টি আসনে এবারও আওয়ামী লীগের মাঝি হয়েছেন জেলার ৬টি আসনের বর্তমান ছয় সংসদ সদস্য। রবিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ‘নৌকা মার্কা’ বরাদ্দের চিঠি।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ছয়জন হলেন- দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক। এরা সকলেই বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন।

দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল টানা তিনবারের মতো নৌকা প্রতীক পেলেন। দিনাজপুর-২ আসনে টানা তৃতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুর-৩ আসনে পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর-৪ আসনেও পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি নৌকা মার্কা নিয়ে ২০০৮ সালে আকতারুজ্জামানকে পরাজিত করে এখানে জয়লাভ করেন। এরপর ২০১৪ সালে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী।

দিনাজপুর-৫ আসনে এ নিয়ে মোট সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান। ১৯৮৬ সালে এবং ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার এই আসনটি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দখল করে আছেন এড. মোস্তাফিজুর রহমান।

দিনাজপুর-৬ আসনে এবারসহ মোট ২ বার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শিবলী সাদিক। গত ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি।