গ্যাজেটস
ফেসবুক শার্ট
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২১
সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেসবুকের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। ফেসবুকের এমন ব্যবহারকারীও বিরল নয়, যারা যেখানেই থাকুন না কেন, ফেসবুক ছাড়া থাকতে পারেন না। পিসি তো বটেই, মোবাইল ফোনেও তাদের নব্বই শতাংশ সময়ই কাটে ফেসবুক নিয়েই। এসব মানুষের জন্যই বিশেষ ফেসবুক শার্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে একটি প্রতিষ্ঠান। কিউট সার্কিট নামে যুক্তরাজ্যে একটি ফ্যাশন হাউজ রয়েছে, যারা ২০০৬ সাল থেকেই এমন পোশাক তৈরি করে আসছে, যাতে রয়েছে প্রযুক্তির প্রত্যক্ষ ব্যবহার। তারা এবার ব্যালানটাইনস নামক আরেকটি প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে তৈরি করছে ফেসবুক টি-শার্ট। সম্পূর্ণ নতুন এক ধরনের অপারেটিং সিস্টেমে চালিত এই টি-শার্টের মাধ্যমে সার্বক্ষণিক ফেসবুক-টুইটারে স্ট্যাটাস চেক করা যাবে, নতুন স্ট্যটাস দেওয়া যাবে, ছবি দেখা যাবে, ছবি আপলোড করা যাবে এবং এমনকি এর মাধ্যমে ফেসবুক বা টুইটার থেকে গান শোনার সুবিধাও রয়েছে।