অফিস ২০১৩ আনল মাইক্রোসফট
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
টেক জায়ান্ট মাইক্রোসফটের অফিস স্যুট বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত সফটওয়্যারের মধ্যে অন্যতম। মাইক্রোসফটের অন্যতম ব্যবসাসফল পণ্যও এটি। সময়ের সাথে সাথে এর আপডেট সংস্করণ নিয়মিতই নিয়ে এসেছে মাইক্রোসফট। এবারে এর সর্বশেষ আপডেট অফিস ২০১৩ উন্মোচন করেছে তারা। সম্প্রতি উইন্ডোজ ৮ অবমুক্ত হওয়ার পর মাইক্রোসফটের বেশিরভাগ সফটওয়্যার এখন স্পর্শকাতর পর্দার জন্য বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে। সেই ধারাবাহিকতাতেই অফিস ২০১৩-তেও সংযুক্ত হয়েছে স্পর্শকাতর পর্দা ব্যবহারের সুবিধা। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট বা আউটলুকের মতো অ্যাপ্লিকেশনগুলো এখন স্পর্শকাতর পর্দায় ব্যবহার করা যাবে অনেক বেশি নির্বিঘ্নে। শুধু তাই নয়, স্কাইপকেও এখন অফিস প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত করেছে মাইক্রোসফট। আর ক্লাউড স্টোরেজ সংযুক্ত হওয়ায় অফিস ডক্যুমেন্ট এখন ডিফল্টভাবে সংরক্ষিত হবে ক্লাউডে স্কাই ড্রাইভে। সাধারণ অফিস প্যাকেজের বাইরেও নানা ধরনের সাবস্ক্রিপশন বান্ডলও রয়েছে অফিসের জন্য। আর এর বাইরেও রয়েছে নানা ফিচার, যেগুলো মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করা যাবে।