পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় বঞ্চিত অপর গ্রুপের এক ইউপি সদস্যকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও রায়পুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক নজরুল মল্লিক গ্রুপ করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক এবার চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অপরদিকে একই গ্রামের আজাবুল মির্জা, ওলিয়ার মির্জা ও তার ভাই জালাল মির্জা বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর গ্রুপ করেন। আলী আজগার টগর এবারও এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। অপরদিকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন নজরুল মল্লিক। আজাবুল মির্জা, ওলিয়ার মির্জা ও জালাল মির্জা বারান্দি মসজিদের সামনে মালেককে থামিয়ে নজরুল মল্লিক গ্রুপ সমর্থন করায় বিশ্রি ভাষায় গালাগাল এবং কিল-ঘুষি মেরে আহত করেন। এদিকে ওলিয়ার মির্জা কিল-ঘুষি মারার অভিযোগ অস্বীকার করেছেন।