মিনিডিস্ক স্টিরিও সিস্টেমসকে বিদায় জানাচ্ছে সনি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৩
২১ বছর ধরে সংগীতপ্রেমী মানুষদের পিপাসা মিটিয়ে এসেছে সনি’র মিনিডিস্ক স্টিরিও সিস্টেমস। বিশেষ করে জাপানে এই মিনিডিস্ক সিস্টেমগুলো অসামান্য জনপ্রিয়তা অর্জন করে। তবে সিডি, ডিভিডি, এমপিথ্রি’র এই যুগে এসে মিনিডিস্ককে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সনি। আসছে মার্চ মাসে সর্বশেষ ব্যাচের মিনিডিস্ক সিস্টেমগুলো বাজারজাত করবে সনি। আর তারপর থেকে নতুন কোনো মিনিডিস্ক সিস্টেমস বাজারে ছাড়বে না সনি। সংগীতপ্রেমীদের জন্য ১৯৯২ সালে প্রথমবারের মতো এই ডিজিটাল মিউজিক সিস্টেম বাজারে নিয়ে আসে সনি। এর বহনযোগ্য সংস্করণও খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে রেকর্ডিংয়ের কাজে এই সিস্টেমগুলো বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করে। তবে গত শতাব্দীর শেষের দিক থেকেই কম্পিউটারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এবং এই শতকের শুরুতেই আইপড বা এমপিথ্রি প্লেয়ারের বাজারজাতকরণ শুরু হওয়ায় মিনিডিস্ক সিস্টেম যুগের অবসান ছিল সময়ের ব্যাপার। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ২০০৫-০৬ সালের পর থেকে মিনিডিস্ক সিস্টেমের টিকে থাকাটাই ছিল বিস্ময়কর। বিশ্লেষকদের বিস্ময়ের অবসান ঘটিয়েই শেষ পর্যন্ত বিদায় নিচ্ছে মিনিডিস্ক সিস্টেমস। সেইসাথে ওয়াকম্যানের পর অবসান ঘটল আরেকটি যুগের।