ময়মনসিংহে আউটসোর্সিংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৪
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানের মাধ্যম হিসেবে আউটসোর্সিংকে বেছে নেওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত বলে মত প্রকাশ করেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুনির হাসান। সম্প্রতি ময়মনসিংহ শহরের জব্বার আলী কমপ্লেক্সে জেলার প্রথম আউটসোর্সিংভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট আউটলাইনের নিজস্ব ভবনে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফার্স্ট আউটলাইনের পরিচালক একেএম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফজালুর রহমান মানিক ও অধ্যাপক আজহারুল হক আজু প্রমুখ। ময়মনসিংহের তরুণদের মধ্যে আউটসোর্সিং বিষয়ে সচেতনতা তৈরি এবং তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিংয়ের জন্য দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ফার্স্ট আউটলাইনের যাত্রা শুরু। এ লক্ষ্যেই এই প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে মানসম্পন্ন আধুনিক কম্পিউটার ল্যাব। ইতোমধ্যেই এখানে এসইও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি প্রভৃতি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠানেই কর্মসংস্থানের সুযোগও দিচ্ছে ফার্স্ট আউটলাইন।