আকতারুজ্জামান বাবু মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আকতারুজ্জামান বাবুকে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় নির্বাচিত এলাকা পাইকগাছায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, বিজন বিহারী সরকার, হায়দার আলী মোল্যা, আফসার উদ্দীন মোল্যা, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, অ্যাড. ইদ্রিসুর রহমান মন্টু, অ্যাড. শেখ আব্দুর রশিদ, দাউদ শরীফ, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, আলহাজ মুজিবর রহমান, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, এমএম আজিজুল হাকিম। অনুরূপভাবে দুপুরে এক আনন্দ মিছিল শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আওয়ামী
লীগের মনোনয়ন ফরম তুললেন বুলবুল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে মনোনয়ন ফরম তুললেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বিকন গ্রুপের চেয়ারম্যান এবাদুল করিম বুলবুল। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নিকট থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছ দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন এবাদুল করিম বুলবুল। এ সংবাদে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এবাদুল করিম বুলবুল দলের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আশাবাদী নবীনগরের মানুষ জননেত্রীর এ সিদ্বান্তকে গ্রহণ করে উন্নত বাংলাদেশ গড়তে তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষে নৌকাকে বিজয়ী করবে ইনশাল্লাহ্। মনোনয়ন ফরম তোলার সময় মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মোহাম্মদ হাবিবুর রমহান, মোশারফ হোসেন,জহির উদ্দিন চৌধুরী শাহান, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান খোরশেদ আলম, চেয়ারম্যান আলী আকরব, মাইনুদ্দিন সিকদার, সৈয়দ জাহিদ হোসেন শাকিল, ডাঃ জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নজরুল ইসলাম নজু, মাজাহারুল হক খোকন, মাহাবুব আলম লিটন, অলি আহম্মেদ, সামছুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা-১ আসনে মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত সাত
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-১ আসনে (দুর্গাপুর-কলমাকান্দা) আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত মানু মজুমদার এবং মনোনয়ন বঞ্চিত শাহ কুতুব উদ্দিন রয়েলের সমর্থকদের মধ্যে গতকাল সোমবার সকালে কলমাকান্দার পাবই এলাকায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।