‘দ্য ববস’ অ্যাওয়ার্ড শুরু

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা হিসেবে পরিচিত ‘দ্য ববস’-এর নবম সংস্করণে যোগ হয়েছে আরও তিনটি ভাষা; পুরস্কারের পরিধিও বেড়েছে। চলতি বছর এ প্রতিযোগিতার নামেও পরিবর্তন আনা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘দ্য ববস:সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড’। শুধু ব্লগ নয়, দ্য ববস খুঁজে বের করবে শ্রেষ্ঠ ‘'অনলাইন অ্যাক্টিভিজম’, সেটি হতে পারে কোনো ব্লগ বা মাইক্রোব্লগ, কোনো ফেসবুক পাতা, হতে পারে কোনো টুইটার প্রোফাইল কিংবা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে পরিচালিত সক্রিয় কোনো উদ্যোগ। গতকাল (৬ ফেব্রুয়ারি) থেকে এই প্রতিযোগিতার মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ‘দ্য ববস’ পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারবেন। www.thebobs.com/bengali ঠিকানায় গিয়ে এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। এ বছর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে হিন্দি, তুর্কি এবং ইউক্রেনিয় ভাষা। এবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের জন্যও আলাদা পুরস্কার থাকছে। এই বিভাগটির মূল ইংরেজি নামটি হচ্ছে ‘বেস্ট পারসন টু ফলো’, বাংলায় একে বলা হচ্ছে ‘সেরা অনুসরণযোগ্য’। ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরি ৬টি মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড বিজয়ী নির্ধারণ করবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে ভাষাভিত্তিক ২৮টি এবং ৬টি মিশ্র বিভাগে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করবেন। আগামী ১৮ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।