সুপারি গাছে বাঁধা মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

ভাণ্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে হাবিবুল্লাহ বাবু (১৩) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। হাবিবুল্লাহ বাবু উপজেলার নদমুলা শিলায়কাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারুলহুদা গ্রামের জেলে আ. খালেকের ছেলে। সে দারুলহুদা আলগায্যালী সিনিয়র কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হাবিবুল্লাহ বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার পরও ফিরে আসেনি। খোঁজাখুঁজির পরে স্বজনরা তাকে কচাঁ নদীর তীর লাগোয়া একটি বাগানে দুই হাত বাঁধা এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখা আছে দেখতে পায়। 

পরে পুলিশে খবর দিলে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিবেশী জেলে সোহেলের ছেলে যুবায়ের এবং তার অপর এক সহযোগী নাসীর ৩/৪দিন পূর্বে হাবিবুল্লাহকে মারধর করেছিল। তবে স্থানীয়দের ধারনা, হাবিবুল্লার পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের একটি বিরোধে তাকে খুন করা হয়ে থাকতে পারে। 

আরও পড়ুন: প্রলয় ঝড় ‘ফণী’ আতংকে নির্ঘুম কৃষক

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ১২/১৩ বছরের মেয়েদের হাতে পড়ার ১৪টি চুড়ি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি