শেষ হলো ই-বাণিজ্য মেলা

দর্শকদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো দেশের প্রথম ই-বাণিজ্য মেলা। গতকাল মেলার শেষ দিনেও উপস্থিত ছিলেন প্রচুর দর্শনার্থী। এদিন ই-বাণিজ্য নিয়ে ৩ টি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়। ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগান নিয়ে রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি (সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার) প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগত্ এর আয়োজনে এ মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা জেলা প্রশাসন। মেলার শেষ দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারগুলোর বিষয় ছিল ‘ই-কমার্স নেটওয়ার্কিং, ‘ইন্টারনেট মার্কেটিং ফর ই-কমার্স’ এবং ‘ই-বাণিজ্য:গল্পগাঁথা’। ই-কমার্সের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এসব সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। মেলায় মোট ৪০টি স্টলে ৩৪টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশানুরূপ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন। মেলার সার্বিক সাফল্য সম্পর্কে আহ্বায়ক আবদুল ওয়াহেদ তমাল বলেন, ‘আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। এই মেলাকে সারা বাংলাদেশে, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীগ্রই সিলেট বিভাগ থেকে এই যাত্রা শুরু হতে পারে।’