চলতি বছরেই বাজারে আসছে স্বচ্ছ স্মার্টফোন

প্রযুক্তির উদ্ভাবনের দ্রুতগতিতে কল্পনার অনেক বিষয়ই এখন বাস্তবে পরিণত হয়েছে। স্মার্টফোন যুগের সূচনায় রীতিমতো কল্পনার বিষয়গুলোও এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে। স্মার্টফোনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মানুষের আকাঙ্ক্ষা ছিল স্বচ্ছ ফোনের। তবে নমনীয় ডিসপ্লে বা কাগজের মতো পাতলা পর্দার ডিভাইসের প্রোটোটাইপ ইতোমধ্যেই তৈরি হলেও স্বচ্ছ স্মার্টফোনের বিষয়ে এখনও পর্যন্ত বাস্তবসম্মত কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে সেই উদ্যোগের শূণ্যতা পূরণ করতেই এবারে এগিয়ে এসেছে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান পলিট্রন। তাদের কথা যদি সত্যি হয়, তাহলে চলতি বছরেই বাজারে আসতে যাচ্ছে স্বচ্ছ স্মার্টফোন। পলিট্রন মূলত ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করে। সম্প্রতি তারা এমন ধরনের ডিসপ্লে প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা কিনা স্বচ্ছ। আর এই ডিসপ্লে ব্যবহার করে তারা একটি স্বচ্ছ স্মার্টফোনের প্রোটোটাইপ তৈরি করেছে। তাদের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে এই স্বচ্ছ স্মার্টফোনগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই প্রোটোটাইপে পলিট্রন ব্যবহার করেছে ওজনে হালকা কাঁচ যা ফোনের পর্দা ও শরীরের স্বচ্ছতা নিশ্চিত করে। এই প্রোটোটাইপ ফোনে ব্যবহূত ব্যাটারি, মাইক্রোএসডি কার্ড প্রভৃতি স্পষ্ট দেখা যায় ফোনের মধ্য দিয়ে। পলিট্রন জানিয়েছে, তাদের প্যাটেন্ট করা যে ওয়্যারিং পদ্ধতি রয়েছে, তা এই কাঁচের ফোনে ব্যবহার করলে চোখে পড়বে না। পলিট্রনের জেনারেল ম্যানেজার স্যাম ইয়ু জানিয়েছেন, ইতোমধ্যেই এই প্রযুক্তি পরিণত হয়ে উঠেছে এবং তাদের এই স্বচ্ছ ফোনের প্রযুক্তি ব্যবহারে আগ্রহী বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা। তবে স্বচ্ছ এই ফোনের দাম নিয়ে কোনো ধারণা দেননি তিনি।