ডেল বাঁচালেন মাইকেল ডেল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
কিছুদিন আগেই বিখ্যাত কম্পিউটার নির্মাতা কোম্পানি ডেল-এ দেখা দিয়েছিল উত্তেজনা। বিষয় মালিকানা নিয়ে। টেক জগতের শীর্ষে থাকা মাইক্রোসফট কিনে নিতে চেয়েছিল ডেল-কে। সেই পরিস্থিতি থেকে কোম্পানিকে বের করে নিয়ে আসেন প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। মাইকেল ডেল ও তার সাফল্যের গল্পটি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
এখন থেকে ২৯ বছর আগে মাইকেল ডেল নামের এক তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছিলেন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এই দীর্ঘ ২৯ বছরে মাইকেল ডেলের গড়ে তোলা সেই প্রতিষ্ঠানই পরিণত হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠানে। নিজের নাম ব্যবহার করেই মাইকেল ডেল তার প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন ‘ডেল’। মাইকেল সল ডেল একজন মার্কিন শিল্পোদ্যোক্তা যিনি ডেল ব্র্যান্ডের কম্পিউটার কোম্পানিটির প্রতিষ্ঠাতা। সেই সাথে তার আরও একটি পরিচয় হলো, ফোর্বস ৪০০-এর তালিকা (২০১০) অনুযায়ী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্পদশালী ব্যক্তিদের একজন। তার আনুষ্ঠানিক পরিচয় তিনি ডেল ইনকর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ছোটবেলায় জমানো ১ হাজার ডলার মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ১৯৮৪-এ কম্পিউটার উত্পাদনের লাইসেন্স গ্রহণ করেন তিনি। এরপর মাত্র ২৪ বছর বয়সে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন নিজের প্রতিষ্ঠানেই। মাত্র ৪৬ বছর বয়সে (২০১১) তার সম্পদের পরিমাণ প্রায় ১৭ বিলিয়ন ডলার। মাত্র দুই যুগে তিনি ডেলকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড-এ উন্নীত করেছেন তিনি। মাইকেল ডেল বর্তমানে ডেলের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবেও কর্মরত রয়েছেন। তার নেতৃত্বেই ২৯ বছরে ডেল শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতাতেই পরিণত হয়নি মাইকেল ডেলকেও পরিণত করেছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতা হলেও সাম্প্রতিক সময়ে বেশ সংকটেই রয়েছে ডেল। আর তার ফলে এর বিক্রি হয়ে যাওয়া নিয়েও আলোচনা চলছিল প্রযুক্তি বিশ্বে। টেক জায়ান্ট মাইক্রোসফটও একে কিনে নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে আলোচনা চালিয়ে গেছে কিছুদিন আগে। মাইক্রোসফটের প্রস্তাবে ডেলের পক্ষ থেকে ইতিবাচক সম্মতি লক্ষ করা গেলেও শেষ পর্যন্ত ডেলকে রক্ষায় এগিয়ে এসেছিলেন খোদ প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। পুনরায় ডেলকে নিজের মালিকানায় নিয়ে আসছেন তিনি। ২৪.৪ বিলিয়ন ডলারে এবারে ডেলকে আবার কিনে নিয়েছেন তিনি। তার সাথে অবশ্য অংশীদার হিসেবে রয়েছে টেকনোলজি ইনভেস্টমেন্ট ফার্ম ‘সিলভার লেক’। পাশপাশি টেক জায়ান্ট মাইক্রোসফট একে কিনে নিতে না পারলেও এতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ঋণ হিসেবে। এর ফলে শেয়ার বাজার থেকে পাবলিক কোম্পানির তালিকা থেকে ডেল বাদ পড়তে যাচ্ছে। আর ডেলের শেয়ারধারী যারা রয়েছেন, তাদের শেয়ারগুলোর সমপরিমাণ অর্থ ফেরত পেতে যাচ্ছেন। মাইকেল ডেল অবশ্য এখনও ডেলের প্রায় ১৪ শতাংশ শেয়ারের মালিক। ডেলকে কিনে নিতে পেরে বেশ খুশিই হয়েছেন মাইকেল ডেল। এই বিষয়ে তিনি জানান, ‘আমার বিশ্বাস, ডেল এবং আমাদের গ্রাহক ও সদস্যদের জন্য এই সিদ্ধান্ত নতুন এক যুগের সূচনা করবে। আমাদের স্টকহোল্ডার যারা রয়েছেন তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে আমরা দীর্ঘমেয়াদি কৌশল অবলম্বন করে ডেলের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে পারব।’ ডেলকে কিনে নেওয়ার পরেও মাইকেল ডেলই এর চেয়ারম্যান এবং সিইও হিসেবে কর্মরত আছেন।
এক ইউনিভার্সিটিতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘পথচলার সময় অবশ্যই মনে রাখবে, তুমি কোত্থেকে এসেছ। যে জায়গায় আমাদের জন্ম, সেখানকার ধুলোবালি আর স্বপ্ন সবাই আমরা লালন করি।’
পুরো পথেই নিজেকে প্রশ্ন করবে তুমি, ‘আমি কেন এই পথে? এর একটা উত্তর আমি তোমাদের বলতে পারি। সেটা হলো, জিততে। এই জেতাটা হচ্ছে নিজের সম্ভাবনাময় শক্তির জয়। এই জেতাটা হলো শ্রেষ্ঠ হিসাবরক্ষক, প্রকৌশলী অথবা শিক্ষক হওয়ার যে সম্ভাবনা তোমার মধ্যে আছে, সেটার জন্য নিজেকে বিশ্বাস করা। অন্য কারও সাফল্য দেখে নিজের সফলতাকে বিচার করো না।
আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার আকাঙ্ক্ষা, ইচ্ছে সম্পর্কে সন্দেহাতীত ছিলাম জীবনের শুরু থেকেই। আমি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। কিন্তু কম্পিউটারের সব বইপত্র, যন্ত্রপাতি আমাকে খুব টানত। হলে আমার রুমমেটও সে রকমই বলত। ১৯ বছর আগে (১৯৮৪), আমার বয়স তখন ১৯। আমি ডেল নিয়ে কাজ শুরু করি, হলের ওই ঘরেই।
কোন বিষয়ে তার আগ্রহ বেশি—এটা অনেক মানুষই অনেক পরে জানতে পারে। আবার কেউ কেউ আছে, যারা এটা কখনোই জানতে পারে না। এরই মধ্যে তুমি যদি তোমার লক্ষ্যটাকে স্থির করে থাকো অথবা খুঁজছ এমন হয়, মনে রেখো, কৌতূহলই এনে দেবে তোমার জীবনের সফলতা।
স্বপ্ন সত্যি করতে তোমার ভেতরে যে ‘তুমি’ আছে, তার কথা শুনতে হবে। আকাঙ্ক্ষা যদি বড় হয়, তোমার স্বপ্ন সত্য হবেই। সততা, নৈতিকতা ও আগ্রহ নিয়ে কাজ করতে হবে। যদি তোমার স্বপ্নের সঙ্গে আপস না করো, তুমি সফল হবেই।’