ইটিং আউট
ক্রিম অ্যান্ড ফাজের দুনিয়া থেকে
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৮
আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর নানা ধাঁচের আইসক্রিমের স্বাদ পেতে হরহামেশাই বেরিয়ে পড়ি বাইরে। কখনও বন্ধুদের আড্ডায়, কখনও পরিবারের মানুষদের সাথে একান্ত সময় কাটানোর মুহূর্তে আইসক্রিমের জুড়ি নেই। প্রিয়জনের অভিমান ভাঙাতেও বাহারি সাজের কোনো আইসক্রিম নিয়ে হাজির হই আমরা। আর এখন শুধুই স্বাদেই নয়, সাজেও নজর পড়েছে সবার। আমাদের দেশেই কিন্তু এখন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের অনেক রকম আইসক্রিম। এমনই একটি প্রতিষ্ঠান ক্রিম অ্যান্ড ফাজ। ধানমন্ডিতে নতুন পরিসরে হরেক স্বাদের আইসক্রিমের পসরা দেখতে হাজির হয়েছিলাম আমরা। চিরায়ত স্বাদের পাশাপাশি ভালোবাসা দিবসে রয়েছে নতুন আয়োজনও। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপংকর দীপু
ধানমন্ডি আবাহনী মাঠের ঠিক পাশেই সাতমসজিদ রোডের কোণঘেঁষে গড়ে ওঠা এই আইসক্রিমের আউটলেটে ঢুকলেই ক্রিমি একটা আবহ পাওয়া যায়, পুরো ইন্টেরিয়রে রয়েছে চকোলেট আর ক্রিম রঙের সমন্বয়। ১১০০ স্কয়ার ফিটের সুপরিসর এই জায়গাতে আসন ব্যবস্থা রাখা হয়েছে পঞ্চাশ জন মানুষের। ‘আমরা চেয়েছি সবাই এখানে এসে ঘরোয়া একটা পরিবেশে আড্ডা দিবে, সেই সাথে পছন্দের কোনো ডেজার্ট বেছে নেবো’, বলছিলেন ক্রিম অ্যান্ড ফাজের ম্যানেজিং ডিরেক্টর রুবাইয়াত্ জামিল আদিত্য। আর আইসক্রিমের পাশাপাশি এখানে রয়েছে স্যান্ডউইচ, বিভিন্ন স্বাদের বেভারেজ আইটেম। সবচেয়ে মজার বিষয় ছবিতে শুধুই সুন্দর সুন্দর মিক্সিং নয়, এখানে কেউ চাইলেই দেখে নিজের পছন্দমতো একটা মিক্সিং যোগ করে নিতে পারেন তার আইসক্রিমে সম্পূর্ণ বিনে পয়সাতে। ক্রিকেটার তামিম ইকবাল একবার ক্রিম অ্যান্ড ফাজে এসে সতেরটা মিক্সিং যোগ করে নিয়েছিলেন তার পছন্দের আইস্ক্রিম ফ্লেভারের সাথে। আদৌ সেটা কেমন হয়েছিল সেটা তিনিই ভালো বলতে পারবেন, তবে আলাদা আলাদা স্বাদে সেগুলো সত্যিই জিভে জল এনে দেয়। জানিয়ে দিই, এ আইসক্রিমগুলো কিন্তু সবই শুরু হয়েছে দেড়শ টাকা থেকে। চাইলে আপনি মচমচে ওয়েফার বোলে করে পেতে পারেন আইসক্রিমটি। সেটার জন্য আরও পঞ্চাশ টাকা গুনতে হবে যদিও। এখানে সর্বোচ্চ ৩৯৫ টাকা দামের আইসক্রিম রয়েছে। বেভারেজ আইটেমগুলোর দাম পড়বে ৯০ থেকে ১৬৫ টাকা। চা, কফিকে ভিন্ন স্বাদে পাবেন এখানে। এর সবই কিন্তু আপনার সামনেই তৈরি করে দেওয়া হবে।
আসছে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটির সাথে আইসক্রিম খেতে যাবেন না, তা কি হয়? এই ভাবনা থেকেই এবার ক্রিম অ্যান্ড ফাজ এনেছে বেলজিয়াম ওয়াফেল। বেলজিয়ামের রেসিপিতে করা হচ্ছে মোহনীয় স্বাদের এই খাবারটি। এর সাথে প্রায় ২০টির থেকে নিজের পছন্দের ফ্লেভারের আইসক্রিম দিয়ে খেতে পারেন আপনি। সেই সাথে তারা দিবে ম্যাপল সিরাপ। ২০ মিনিটেই মজার এই খাবারটা খেতে খেতে হারিয়ে যাবেন হয়তো অন্য কোনো এক আইসক্রিম জগতে। সবমিলিয়ে আড়াইশ টাকা খরচ করলেই উপভোগ করতে পারবেন সম্পূর্ণ নতুন স্বাদের এই আইসক্রিমটি। এবারের ভ্যালেন্টাইনে ক্রিম অ্যান্ড ফাজ এবং নক্ষত্রবাড়ি ‘এক্সপ্রেশনস অব লাভ’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘এক্সপ্রেশনস অব লাভ’ শিরোনামের এই প্রতিযোগিতার নিয়ম খুব সাধারণ। এই প্রতিযোগিতায় অংশ নিতে ক্রিম অ্যান্ড ফাজের ধানমন্ডি ও বনানী শাখায় যেতে হবে। সেখানে নিজেদের সুন্দর সুন্দর ছবি তুলে আপলোড করতে হবে ক্রিম অ্যান্ড ফাজের নির্দিষ্ট ফেসবুক ফ্যান পেজ www . facebook . com /creamandfudgebangladesh. এ। সেই সাথে জানিয়ে দিতে হবে পছন্দের মানুষটিকে ভালোবাসার কারণটিও। ফেসবুকের সর্বোচ্চ লাইকের মাধ্যমে নির্বাচিত বিজয়ী দুই জুটিকে দেওয়া হবে নক্ষত্রবাড়ির রাজেন্দ্রপুরে সময় কাটানোর সুযোগ।
ঢাকার বনানী এগার নম্বর সড়কে আর ধানমন্ডি সাত মসজিদ রোডেই এখন আউটলেট রয়েছে ক্রিম অ্যান্ড ফাজের। সামনের মাসেই চট্টগ্রামের খুলশীতে শুরু হবে তাদের তৃতীয় আউটলেট। আমাদের জন্য গর্বের বিষয়, সারা বিশ্বের সাতটি দেশে ক্রিম অ্যান্ড ফাজের যতগুলো আউটলেট আছে তার মধ্যে বনানীর আউটলেটটিই সবচেয়ে বড়। ক্রিম অ্যান্ড ফাজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফিওনা সালাউদ্দিন বলেন, ‘কোয়ালিটির বিষয়টিতে তারা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন। আইসক্রিম সরাসরি থাইল্যান্ড থেকে আসে, আর আমাদের দেশে যেগুলো তৈরি হয় সেগুলোও সর্বোচ্চ পর্যায়ে মান নিয়ন্ত্রণের পরেই ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। সে জন্যই সময় নিয়ে নতুন কিছু দিতে চাই আমরা। এ মাসেই ক্রিম অ্যান্ড ফাজ আনবে কেক। শুরুতে ভ্যানিলা, চকোলেট আর কফি ফ্লেভারেই পাওয়া যাবে। আইসক্রিম দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তারা অনেক রকমের খাবারই দিচ্ছেন ভোক্তাদের। এগুলো মান আর স্বাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলেই অপেক্ষা শুধু নতুন স্বাদের জন্য, অভিনব কোনো পরিবেশনের জন্য। ঘুরে আসুন আজই আইসক্রিমের এই দুনিয়া থেকে।