মারিন সিলিচ ৭-৬, ৬-৩, ৬-৩ গেমে লুকাস পউলিকে হারানোর পর ক্রোয়েশিয়া দ্বিতীয়বারের মতো ডেভিস কাপের শিরোপা জিতল। সিলিচের এ জয়ে স্বাগতিক ও গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ফ্রান্স এর আগে ডাবলস জিতে টেনিসের বিশ্বকাপ খ্যাত ডেভিস কাপের শিরোপা লড়াইকে তৃতীয় দিনে গড়াতে সক্ষম হয়েছিল। কিন্তু তাতে কোনো লাভ হলো না। স্বভাবতই এ জয়ে উল্লসিত সিলিচ। তিনি তাই বলতে পারেন,‘আপনি তো আর প্রতিদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবেন না। আমাদের জন্য এটা হলো স্বপ্ন সত্যি করার ব্যাপার।’ ক্রোয়েশিয়া এর আগে ২০০৫ সালে প্রথমবার ডেভিস কাপ জিতেছিল। আগামি বছর থেকে ডেভিস কাপ বর্তমান কাঠামো পরিত্যাগ করে ১৮ দেশের বিশ্বকাপ হিসেবে আয়োজিত হবে।