বইমেলায় প্রযুক্তির ছোঁয়া
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
বছর জুড়ে গোটা দেশের সাহিত্যপ্রেমীরা যেন অপেক্ষায় থাকেন এই একটি মাসের জন্যই। প্রতি বছরের মতো এ বছরেও শুরু হয়েছে বইমেলা। তবে সময়ের সাথে সাথে সর্বত্র যে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়ছে, তার থেকে বাদ পড়েনি এবারের বইমেলাও। নানানভাবেই প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ হয়ে উঠেছে এবারের বইমেলা। এর মধ্যে রয়েছে বইমেলার ই-তথ্যকেন্দ্র থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি বিষয়ক বই, অনলাইনে বই বেচাকেনার সুযোগ প্রভৃতি। এর মাধ্যমে বইমেলা যেন পেয়েছে ভিন্ন এক রূপ। গত বছরের ধারাবাহিকতাতেই এবারেও প্রযুক্তির এসব ছোঁয়া রয়েছে এবারের বইমেলাতেও।
গত বছরের সাথে অবশ্য একটি স্থানে এসেছে পরিবর্তন। গত বছরেও বইমেলায় বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সিডি এবং ডিভিডি বিক্রি করার সুযোগ ছিল। ফলে মাল্টিমিডিয়া উপকরণের উপস্থিতি ছিল বইমেলা জুড়ে। এবারে কেবল প্রকাশকদের মাঝেই মেলার স্টল বরাদ্দ রাখার সিদ্ধান্তে অনড় থাকায় সিডি/ডিভিডি বিক্রেতারা আর সুযোগ পায়নি মেলায় অংশ নেওয়ার। তবে তাই বলে তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের উপস্থিতি থেমে নেই এবারের মেলাতেও। তবে তুলনামূলকভাবে এবারের বইমেলাতেও তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের উপস্থিতি একটু কমই। তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের মধ্যে অবশ্য বরাবরের মতোই এগিয়ে রয়েছে সিসটেক পাবলিকেশন্স। তবে অন্যান্য প্রকাশনীও এ বিষয়ে বই নিয়ে আসছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের মধ্যে আউটসোর্সিং, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন প্রভৃতি বিষয়ের বইয়ের চাহিদা বেশি বলেই জানিয়েছেন প্রকাশকরা।
গত বছরের মতো এবারেও বইমেলায় স্থাপন করা হয়েছে ই-তথ্যকেন্দ্র। এই ই-তথ্যকেন্দ্র থেকে মেলার প্রতিটি স্টলের নতুন আসা বইয়ের খবর জানা যাবে। আবার প্রতিটি স্টলের অবস্থানও জানা যাবে এই ই-তথ্যকেন্দ্র থেকে। ই-তথ্যকেন্দ্রের দুই পাশে রয়েছে দুইটি টাচস্ক্রিন মনিটর। এই মনিটরের মাধ্যমেই মেলায় আগত দর্শনার্থীরা যেকোনো প্রকাশনী, বই ও লেখক সম্পর্কে তথ্য জানতে পারছেন। কোন বই কোন প্রকাশনী থেকে এসেছে, কোন লেখকের কোন বইটি বাজারে এসেছে, এর সবই জানা যাবে এখান থেকে।
গতবারের মতো এবারেও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বই কেনার সুযোগ রয়েছে অনেকগুলো স্টলেই। সব ক্ষেত্রেই ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার যেভাবে বেড়েছে, তার সাথে তালমিলিয়ে চলতেই বইমেলাতেও কার্ডের মাধ্যমে বই কেনার সুযোগ রেখেছেন বলে জানিয়েছেন প্রকাশকরা। এতে করে বইমেলাতে নগদ অর্থ বহনের ঝামেলা কমে গেছে বলেই মন্তব্য করেছেন আগত বইপ্রেমীরা।
বইমেলায় যারা আসতে পারছেন না, তাদের জন্য বইমেলার খবরাখবর জানাতে রয়েছে বিভিন্ন ওয়েবসাইট। এ ক্ষেত্রে অবশ্য হতাশ করবে বাংলা একাডেমীর ওয়েবসাইটটি। গত বছরেও এই সাইটটি যথেষ্ট সমৃদ্ধ হলেও সময়ের সাথে সাথে এর উন্নতি তো হয়ই নি, বরং মানের দিক থেকে এর অবনমন ঘটেছে। সেদিক থেকে http://www.ekusheyboimela.com সাইটটি আপনাকে সাহায্য করতে পারে বইমেলার খবরের সাথে নিজেকে আপডেট রাখতে। সেই সাথে আরও কয়েকটি সাইট থেকে আপনি বইমেলার সংবাদগুলো সংগ্রহ করতে পারবেন নিয়মিত। এ রকম কয়েকটি সাইটের মধ্যে রয়েছে বাংলানিউজ২৪-এর বইমেলার আয়োজন http://www.banglanews24.com/specialcategory.php?newtype=4 এবং http://www.lekhok.net। এ ছাড়া রকমারি ডটকমেও বইমেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। এই ছাড় উপভোগ করা যাবে http://www.rokomari.com সাইটে গিয়ে। এর বাইরে এবারেই প্রথম বইমেলা প্রাঙ্গণকে পরিণত করা হয়েছে ওয়াই-ফাই জোনে। ফলে অনলাইনে বইমেলা থেকেও যুক্ত হতে পারছেন সকলেই।