প্রযুক্তি ব্যক্তিত্ব মারভিন মিনস্কি

বর্তমান সময়ে প্রযুক্তির যে অগ্রগতি, তার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় অবদান। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে কয়েকজন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য, তার মধ্যে অন্যতম একজন হলেন মারভিন মিনস্কি। ১৯২৭ সালের ৯ আগস্ট নিউইয়র্কে জন্ম নেওয়া মিনস্কি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার বা এআই ল্যাব স্থাপনের অন্যতম উদ্যোক্তা। তিনি তার পড়ালেখা সম্পন্ন করেছেন ফিল্ডস্টন স্কুল, ব্রংকস হাই স্কুল অব সায়েন্স এবং ফিলিপস একাডেমী থেকে। পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক এবং প্রিন্সটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৪৪-৪৫ সালে তিনি যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে তিনি এমআইটিতে যোগদান করেন। ১৯৫৯ সালে তিনি জন ম্যাকার্থির সাথে এমআইটিতে কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি অধ্যাপনার সাথে জড়িত রয়েছেন। তার অনন্য উদ্ভাবনের মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হেড-মাউন্টেড গ্রাফিক্যাল ডিসপ্লে এবং কনফোকাল মাইক্রোস্কোপ।