স্থানাভাবে আইসিটি মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ মন্ত্রীর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেছেন, স্থান সংকুলানের দরুণ আইসিটি মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রযুক্তি বিষয়ক কার্যক্রম পরিচালনা করার জন্য ১৫ তলা বিশিষ্ট বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবন নির্মাণের পরিকল্পনা গৃহীত হলেও ভবনের কাজ প্রকৃতপক্ষে মাত্র ৪ তলা পর্যন্ত হয়েছে। এই চার তলার মধ্যে বিসিসি ভবনে অনেকগুলো প্রতিষ্ঠানকে স্থান দিতে হয়েছে। স্থান স্বল্পতার কারণে আরও অনেক প্রতিষ্ঠানকে স্থানও দেওয়া যাচ্ছে না। মন্ত্রী গতকাল বিসিসি ভবনের ৪র্থ তলার ছাদে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুসান্ত কুমার সাহা, বিসিসির পরিচালক জাভেদ আলী সরকারসহ সংশ্লিষ্ট আরও অনেকে।