নানা মহল থেকে অনুরোধ ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তারাও এর মধ্যে অনেকে বদলে গেছেন। কিন্তু তাদের হুকুম বদলায়নি। এখনও নিষিদ্ধই আছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। কিন্তু বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ককে হঠাত্ই দেখা গেল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অনুশীলনে। কারণ, অস্ট্রেলিয়ান বোলারদের সেরা প্রস্তুতির সুযোগ করে দেওয়া। ভারতের বিপক্ষে টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া দল এখন নিবিড় অনুশীলন করছে। সেখানেই বোলারদের সামনে এই দুই সেরা ব্যাটসম্যানকে দাঁড় হতে অনুরোধ করা হয়। তারা দু’জনই সাড়া দিয়ে হাজির হয়েছিলেন জাতীয় দলের নেটে। দলের ফাস্ট বোলার মিশেল স্টার্ক বলেছেন, ভারতের বিপক্ষে প্রস্তুতির জন্য এই দু’ জনকে বল করার চেয়ে ভালো ব্যাপার আর হতে পারত না।