রায়পুরে সাইক্লোন শেল্টারে ৭শ মানুষের আশ্রয়

ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে লক্ষ্মীপুরের রায়পুরে শুক্রবার বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।  সকালে সূর্যের মুখ দেখা যায় নি। তবু প্রচণ্ড গরমের গুমোট ভাব লক্ষ্য করা গেছে। 

এরমধ্যে ৪টি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৭'শ মানুষ ৪টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। বেড়িবাঁধ এলাকায় দুপাশে বসবাসকারী দিনমজুর পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

মেঘনা উপকূলীয় অঞ্চলের ৫টি সাইক্লোন শেল্টারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ খোলা রাখা হয়েছে। আশ্রয়গ্রহনকারীদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও শিল্পি রানী রায় বলেন, প্রশাসনিক কর্মকর্তাগণ, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধিদের কর্মী বাহিনী ও এলাকার যুব সমাজ নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে।

পৃথকভাবে পুলিশ বাহিনীর সঙ্গে ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড ও আনছার সদস্যরাও প্রস্তুত রয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কীভাবে ক্ষতি কম হয় সে বিষয় নিয়ে কাজ করছে। মেঘনা নদী কেন্দ্রীক এলাকায় ক্ষতি সবচেয়ে কম যাতে হয় সেই চেষ্টা করা হচ্ছে। ওই এলাকাগুলোতে লাল পতাকা তুলে মাইকিং করে জনগণকে সতর্ক করার কাজ চলছে।

আরও পড়ুনঃ ইটভাটার আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন

শুক্রবার রাত ৮টার সময় দক্ষিন চরবংশী ইউপির মেঘনা নদীর সংলগ্ন চরকাছিয়া সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহনকারীদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

ইত্তেফাক/নূহু