শ্রী ল ং কা স ফ র

প্রাথমিক দলেই নেই আশরাফুল

বিপিএলের সেঞ্চুরি কিংবা বিসিএলের মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্সও জাতীয় দলে ঢোকার জন্য যথেষ্ট বলে বিবেচিত হল না। ‘জাতীয় দলে ঢুকতে হলে দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করতে হবে তাকে’—এমন যুক্তি দিয়ে মোহাম্মদ আশরাফুলকে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাইরে রাখার ন্যায্যতা বোঝাতে চাইলেন প্রধান নির্বাচক আকরাম খান। এ যুক্তি যথেষ্ট হোক আর নাই হোক, বাস্তবতা এই যে, শ্রীলঙ্কা সফরের জন্য গতকালই ঘোষণা করা ২৫ সদস্যের প্রাথমিক দলে ঠাঁই হয়নি আশরাফুলের। এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে এসেছেন মার্শাল আইয়ুব। তবে আলোচনায় আসলে আশরাফুল। বিপিএলে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি এবং বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি সেঞ্চুরি রয়েছে আশরাফুলের। তবুও তার এই পারফর্মে খুশি নন প্রধান নির্বাচক। কিন্তু আশরাফুলকে বাদ দেয়ার পেছনে প্রধান নির্বাচক যুক্তি দিলেন এভাবে, ‘নিঃসন্দেহে আশরাফুল ভালো খেলোয়াড়। কিন্তু ও যেমন খেলোয়াড় তাতে ওকে আরো ভালো খেলতে হবে। আমরা গত দেড় বছরের পারফরমেন্স মূল্যায়ন করেছি। সেই হিসেবে তাকে নেয়া হয়নি’। প্রধান নির্বাচককে মার্শালের দলে ঢোকার পক্ষেও কথা বলতে হল। তিনি যুক্তি দিলেন, ‘এ বছর ঘরোয়া ক্রিকেটে সে যে পারফর্ম করছিলেন তাতে তাকে না নেয়া হলে ঠিক হবে না’। মার্শালের পারফরমেন্স অবশ্য প্রধান নির্বাচকের পক্ষেই কথা বলছে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ১১ ম্যাচে ৬০৪ রান মার্শালের। এরমধ্যে একটি ডাবল (২০৯) সেঞ্চুরিও রয়েছে তার। তাই ২৫জন স্কোয়াডে ঢোকার অন্যতম দাবিদার তিনি। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করবে ২৮ ফেব্রুয়ারি। ৮ মার্চ থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। যেহেতু টেস্ট ম্যাচ আগে হবে, তাই নির্বাচক কমিটি টেস্ট দল আগে ঘোষণা করবেন। বিপিএলের ফাইনাল ও বিসিএলের পাঁচদিনের ফাইনালের এক-দুইদিন পর্যবেক্ষণ করে নির্বাচকরা ১৫জনের দল ঘোষণা করবেন। তবে শ্রীলঙ্কা সফরে নির্বাচকদের অন্যতম দুশ্চিন্তার কারণ হচ্ছে বোলিং বিভাগ। ইনজুরি পুরোপুরি সেরে উঠেনি বলে বড় দৈর্ঘের ম্যাচ খেলবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। রুবেল হোসেন, কিংবা নাজমুল হোসেনকে দিয়ে অতটা ভরসা করতে পারছেন না নির্বাচক প্রধান। শাহাদাত হোসেন রাজিবও আছেন। পেসারদের এই বোলারের বড়ই অভাব অনুভব করছেন নির্বাচক প্রধান, ‘পেস বোলারের বিষয়টি এখনো আমরা অন্ধের মধ্যে আছি। টি-টোয়েন্টি ম্যাচে একজন বোলারকে পর্যবেক্ষণ করা খুবই কঠিন। আর এই দলে সেরকম কোন পরিবর্তন করতে পারছি না। আমাদের হাতে বিকল্প কিছু নেই’। বিপিএল খেলার কারণে জাতীয় দলের বেশ ক’জন খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন সাকিব আল হাসান। নির্বাচক কমিটি এখনো তাকে খেলানোর ব্যাপারে নিশ্চিত নন। ২০ ফেব্রুয়ারি চিকিত্সার কারণে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা সাকিবের। সেখানে তার রিপোর্টের উপর নির্ভর করছে তিনি শ্রীলঙ্কা সফরে খেলবেন কিনা-কাল এমনটি জানালেন প্রধান নির্বাচক। তবে সাকিব না খেললে বিকল্প হিসেবে দু’জন খেলোয়াড়কে ইতোমধ্যে বাছাই করে রেখেছে নির্বাচক কমিটি। আকরাম বলেন, ‘সাকিব খেললে আমাদের দুটি জিনিস লাভ হত। সে ব্যাটিংও করে আবার বোলিংও করতে পারে। কিন্তু সাকিব না খেললে আমাদের বিকল্প হিসেবে দু’জন খেলোয়াড়কে ঠিক করে রেখেছি। এরা ২৫জন স্কোয়াডেই রয়েছে’। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়ান সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মোমিনুল হক, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, সোহাগ গাজী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, শামছুর রহমান শুভ, সাব্বির রহমান ও মার্শাল আইয়ুব।