সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার
ছয় ঘণ্টা অবরুদ্ধ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
ঘুষের টাকা কম নেয়ার দাবিতে গত রবিবার সীতাকুণ্ডের দলিল লেখকরা সাব রেজিস্ট্রার মনির হোসেনকে ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সকাল ১০টা থেকে অবরুদ্ধ সাব রেজিস্ট্রার বিকাল ৪টার দিকে দলিল লেখকদের সাথে সমঝোতা করে মুক্তি পান। অবরুদ্ধ থাকার কারণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা দলিলদাতা ও গ্রহীতারা জমি রেজিস্ট্রি করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ঘটনার সত্যতা স্বীকার করলেও সাব রেজিস্ট্রার অবরুদ্ধ থাকার কথা অস্বীকার করেন। তবে তিনি দলিল লেখকদের সাথে কিছু বিষয়ে সমঝোতা বৈঠকের কথা স্বীকার করেন।
জানা যায়, সীতাকুণ্ড শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিদিন কোটি কোটি টাকার জায়গা রেজিস্ট্রি হয়ে থাকে। দলিল লেখকরা জমি রেজিস্ট্রির সময় অফিস খরচ বাবদ এক শতাংশ হিসাবে সাব-রেজিস্ট্রারকে দিতো। কিন্তু দলিল লেখক সমিতি এ খরচ কমিয়ে অর্ধেক করার দাবি করে আসছে। এ দাবি সাব রেজিস্ট্রার না মানার কারণে গত রবিবার সকাল থেকে দলিল লেখকরা কর্মবিরতি পালন করে এবং সাব-রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখে। দলিল লেখকরা সাব-রেজিস্টার অফিসের সামনে টেবিল-চেয়ার বসিয়ে অবস্থান করতে থাকে। এসময় সাংবাদিকসহ বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়নি।