কাপাসিয়ায় রাজীবের কবরে হাজারো মানুষের শ্রদ্ধা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ কেন্দ্রিক গণজাগরণ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনকে দাফনের পর থেকে তার কবরের পাশে ভিড় করছে বিভিন্ন বয়সের মানুষ। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাজীবের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা কবরের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তারা রাজীব হত্যার বিচার দাবি করেন।
খিরাটি বঙ্গতাজ কলেজের ১ম বর্ষের ছাত্র মামুন বলেন, ‘বৃষ্টির কারণে আমি রাজীবের জানাজায় অংশ নিতে পারি নাই, তাই আজ এসে তার কবর জিয়ারত করলাম।’ তার মত আরো অনেকে এসেছে কবর জিয়ারত করতে।
রাজীবের চাচা মনির হোসেন জানান, গতকাল সোমবার তার নিজ বাড়িতে পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও কোরান খতম পড়ানো হয়েছে।
এদিকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সপ্তাহব্যাপী কর্মসূচির ২য় দিনে সকালে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি কাপাসিয়া উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কাপাসিয়া ধান বাজারে রাজীব চত্বর মঞ্চে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ, আওয়ামী লীগ নেতা আ: মজিদ দর্জি, উবায়দুল্লাহ, শ্রমিক নেতা জালাল উদ্দিন প্রমুখ।
এদিকে জাগরণী মঞ্চ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী রাজীবেব বিরুদ্ধে কতিপয় পত্রিকার ফটোকপি করে সাধারণ মানুষের মধ্যে বিলি করে রাজীবের বিরুদ্ধে কুত্সা রটানো হচ্ছে। উপজেলার ঘাগটিয়ার চালা, সনমানিয়া, দুর্গাপুর এলাকায় গতকাল রাত থেকে স্থানীয় বিএনপির কর্মীরা ফটোকপি বিলি করে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বিএনপির সভাপতি খলিলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষ চাপাতে পারে বলে তিনি মন্তব্য করেন।