পাইকগাছায় দখল হয়ে যাচ্ছে শতবছরের পুরানো কবরস্থান
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৬
দখল হয়ে যাচ্ছে শত বছরের পুরানো পাইকগাছা উপজেলার কপিলমুনি কবরস্থানটি। তিন পাশের দোকান ও মিল মালিকরা গোপনে এক শ্রেণির ব্যক্তিদের ম্যানেজ করে দালান-কোটা সমপ্রসারণ করেই চলেছে। ফলে খুলনার বাণিজ্যিক শহর কপিলমুনির কবরস্থানটি আজ বিলুপ্তির পথে। বাধার মুখে বেওয়ারিশ ও গৃহহারা মানুষের লাশের দাফন আর এখন এখানে হয় না। কখনওবা রাতে আবার প্রকাশ্যে দিবালোকে মাটি খুঁড়ে লাশ সরিয়ে ইমারত সমপ্রসারণ অব্যাহত রয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় তা জমে সৃষ্টি হয়েছে বড় ডোবার। সম্পূর্ণ অরক্ষিত কবর দখলমু্ক্ত অংশ পরিণত হয়েছে শিয়াল কুকুর ও পশু-পাখির বিচরণক্ষেত্রে। অথচ কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে নিশ্চুপ।
এলাকাবাসি জানান, শত বছর পূর্বে আমিনউদ্দীন সরদার নামের একজন তার ঐ সম্পত্তি দান করেন কবরস্থান তৈরির জন্য। সেই থেকে গৃহহারা বহিরাগত বেওয়ারিশ লাশের দাফন এখানে হয়ে আসছে । এরই মধ্যে চারপাশের দোকান মালিকরা বিভিন্নভাবে দখল করে নিচ্ছে ঐ কবরস্থানের জায়গা। ইতিমধ্যে তারা তাদের স্ব-স্ব দোকানের পিছন পাশ দখল করে নিচ্ছেন যে যার মত করে। প্রায় দু’মাস পূর্বে সোহবান মাস্টার নামের একজনের কবরস্থান থেকে লাশ তুলে বাইরে ফেলে দালান বাড়ানোর বিষয়টি প্রত্যক্ষ করেন অনেকেই। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান বলেন, শুনেছি শত বছরের একটি কবরস্থান ঐখানে আছে। আমি ঐ এলাকার ইউপি চেয়ারম্যানকে বলেছি সেটি উঁচু করতে মাটি ফেলানোর জন্য। স্থানীয় ভূমি অফিসের তহসিলদার এম আফজাল হোসেন বলেন, কপিলমুনিতে কোন সরকারি কবরস্থান আছে কিনা জানা নেই। তবে এমনটি হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।