বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং ১ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের চড়িয়াশিকা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—পাবনার দুলাই ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অফিস সহকারি জিন্নাহ ও পিয়ন রিপন। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট জুলহাস উদ্দিন জানান, পাবনার দুলাই ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ৪ জন মাইক্রোবাসযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলেজের অধ্যক্ষসহ ৩ জন আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুইজন মারা যায়। এ ঘটনায় মামলা হয়েছে। রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মুর্শিদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা গতকাল মঙ্গলবার নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে কমলনগরের হাজিরহাট বাজারের অদূরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মুর্শিদা খাতুন উপজেলার চরফলকন গ্রামের মৃত আবদুল হকের স্ত্রী। নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর সোনাপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী মো. কামাল উদ্দিন (৪০) ঘটনাস্থলে নিহত হয়। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর ও প্রায় এক ঘন্টা মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কামাল উদ্দিনের বাড়ি কবিরহাট উপজেলার রাজুরগাঁয়ে। অপর ঘটনাটি ঘটে একই দিন বিকাল ৩টার দিকে জেলা শহরের এমএ রশিদ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তায় বিদ্যুত্ খুঁটির সাথে লাগানো ডিশ লাইনের ক্যাবল মেরামতকালে লাইনম্যান মো. ফারুক (২২) মই থেকে পড়ে গুরুতর আহত হয়। তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তরের পর মঙ্গলবার ভোর রাতে সে মারা যায়। তার গ্রামের বাড়ি সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে। ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী(৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মথুরাপুর নামক স্থানে মোটর সাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। নিহত মোহাম্মদ আলীর বাড়ি সদর উপজেলার মথুরাপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চালক মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।