বিউবিটিতে তথ্যপ্রযুক্তি উত্সব
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)তে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে সাত দিনব্যাপী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বাত্সরিক উত্সব ‘বিউবিটি সিএসই ফিয়েস্তা ২০১৩’। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতা। এই উত্সবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমী মানুষদের একটি মিলন মেলায়। গত ১৬ ফেব্রুয়ারি মিরপুরের রূপনগরস্থ নিজস্ব ক্যাম্পাসে এই উত্সবের উদ্বোধন হয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুকী মোহাম্মাদ। উদ্বোধনী এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বহির্বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশে দিন দিন তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এখন ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই বিশ্বকে জানা সম্ভব। দেশে এখন তৃতীয় প্রজন্মের টেলিকম নেটওয়ার্ক চালু হয়েছে। উচ্চ শিক্ষায় তথ্যপ্রযুক্তির উপর ফিয়েস্তাসহ এমন বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের মেধার সমৃদ্ধি ঘটাতে সহায়তা করবে।’ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা ব্যবহার ও বিস্তারের আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। তিনি বলেন, ‘বিইউবিটি একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তির উপর বিভিন্ন আয়োজন করা হয়। বিউবিটির প্রতিটি অনুষদে শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে পরিচয় ও তার ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষার্থীদের যথাপোযোগী শিক্ষা প্রদান করাই আমাদের লক্ষ্য।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি’র ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম কায়কোবাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইইসিএস বিভাগের অধ্যাপক ড. আবুল এল হক এবং বিএপিএস-এর সভাপতি শাহরিয়ার মঞ্জুর।
এবারের ফিয়েস্তায় ইনট্রা ইউনিভার্সিটি ম্যাথ অলিম্পিয়াড, ইনট্রা ইউনিভার্সিটি আইসিটি কুইজ কম্পিটিশন, বিএপিএস-বিউবিটি ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প এবং এসিএম-আইসিপিসি’র বাংলাদেশ অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বছরের ফিয়েস্তার উল্লেখযোগ্য দিক হলো, বিএপিএস-বিইউবিটি ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প ১২-১৩। এর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব প্রবলেম সেটারস (বিএপিএস)। এতে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্রগ্রাম ও সিলেট বিভাগ থেকে বাছাই পর্বের মাধ্যমে দুইটি ভাগে মোট ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অন্যদিকে এসিএম-আইসিপিসি ১৩-এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বুয়েটের কম্পিউটার বিভাগের প্রফেসর ড. এম. কায়কোবাদ। প্রোগ্রামিং প্রতিযোগিতায় শীর্ষ ১০টি দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হবে। এ ছাড়া অংশ নেওয়া প্রতিটি প্রতিযোগীর জন্যই রয়েছে সার্টিফিকেট।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী এই সিএসই ফিয়েস্তা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে সিএসই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল করিম মজুমদার বলেন, ‘আমাদের প্রাণের উত্সব সিএসই ফিয়েস্তা। আমরা সারা বছর এই উত্সবের অপেক্ষায় থাকি। এই উত্সবের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত মেধাবীদের সাথে পরিচিত হতে পারি এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করি, যা আমাদের মেধাবিকাশে সহায়তা করে। জাতীয়ভাবে তথ্য ও প্রযুুক্তি জ্ঞানের সাথে তালমিলিয়ে চলতেও প্রেরণা জোগায় এই আয়োজন। আগামী ২৩ ফেব্রুয়ারি এই উত্সবের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হবে এই সপ্তাহব্যাপী ফিয়েস্তা। বিইউবিটি সিএসই ফিয়েস্তা ২০১৩ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.bu bt-cse.com সাইটে।