কুমিল্লায় জামায়াতের হরতাল প্রত্যাখ্যান

কুমিল্লায় জামায়াতের আধাবেলা হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। সোমবার দেশব্যাপী হরতালে জেলার চৌদ্দগ্রামে ইব্রাহীম নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তাকে জামায়াতের কর্মী দাবি করে গতকাল মঙ্গলবার জেলাব্যাপী এ হরতাল আহবান করেছিল স্থানীয় জামায়াত। এদিকে ইব্রাহীম হত্যাসহ পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুরের ঘটনায় জামায়াত-শিবিরের আড়াইশ’নেতা-কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে চৌদ্দগ্রাম পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। জানা যায়, ইব্রাহীম হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকা গতকালের জেলাব্যাপী হরতালে জনগণের সাড়া ছিল না কোথাও। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছুই চলেছে স্বাভাবিকভাবে। এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় সকালে পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশ রাশেদ (১৮) নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, সোমবার হরতালে ইব্রাহীম নিহত হওয়ার ঘটনা এবং পুলিশের কর্তব্য কাজে বাধাসহ পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুরের বিষয়ে থানার এসআই আলম বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ২৫০ জনের বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা করেছেন।