ফেসবুকে হামলাকারীদের দ্বারাই আক্রান্ত অ্যাপলও!
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৫
গত শুক্রবার সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেসবুক জানিয়েছিল তাদের উপর সাইবার হামলার কথা। গত জানুয়ারি মাসে ফেসবুকের কয়েকজন প্রকৌশলী একটি থার্ড পার্টি সফটওয়্যারের সাইট ভিজিট করার সময় এই হামলার শিকার হয়। ফেসবুক প্রকৌশলীদের কম্পিউটারে ছড়িয়ে পড়ে ম্যালওয়্যার। ফেসবুকে পর এবারে আরেক টেক জায়ান্ট অ্যাপলও জানিয়েছে তাদের উপর সাইবার হামলার কথা। আর তাদের ম্যাকিন্টোশ সিস্টেমেও যে আক্রমণ হয়েছে, তা ফেসবুকের উপরে যে হামলা করা হয়, তার অনুরূপ। অ্যাপল জানিয়েছে, তাদের ম্যাক সিস্টেমের উপরে এবারে যে হামলা করা হয়েছে, এমন ধরনের হামলার মুখোমুখি অ্যাপল আগে কখনও হয়নি। এখনও পর্যন্ত অ্যাপল’র ম্যাক সিস্টেমে এটাই সবচেয়ে বড় ম্যালওয়্যার হামলা। অ্যাপল জানিয়েছে, অ্যাপল’র কয়েকজন কর্মী থার্ড পার্টি একটি সফটওয়্যার ডেভেলপারের ওয়েবসাইট ভিজিট করার সময়ে তাদের ম্যাক সিস্টেমে ম্যালওয়্যার আক্রমণ করে। এই ম্যালওয়্যারগুলোকে মূলত ম্যাক সিস্টেমে আক্রমণ করার লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে। রয়টারকে দেওয়া তথ্যে অ্যাপল জানিয়েছে, এই ম্যালওয়্যারগুলো ওয়েব ব্রাউজারে ওরাকলের জাভা সফটওয়্যারের যে প্লাগ-ইন ব্যবহার করা হয়ে থাকে, তাকে বিকল করে দেয় এই ম্যালওয়্যারগুলো। গত জানুয়ারি মাসে ফেসবুকে যে সাইবার হামলা করা হয়েছিল, তাতেও এই একই ধরনের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে। অ্যাপল’র একজন মুখপাত্র জানিয়েছেন, এই ম্যালওয়্যার ব্যবহার করে আরও অনেক প্রতিষ্ঠানেই সাইবার হামলা করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও আশংকা করছে অ্যাপল। তবে এই আক্রমণে অ্যাপল’র কোনো তথ্য চুরি হয়নি বলেই আশ্বস্ত করেছে তারা। এ বিষয়ে এফবিআইকেও জানিয়েছে তারা।