ঢাকায় চারদিনের ল্যাপটপ মেলা

‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগান নিয়ে আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর বিজয় স্বরণীর জাতীয় সামরিক জাদুঘরে শুরু হচ্ছে চার দিনের ‘কিউবি ল্যাপটপ মেলা-২০১৩’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান মেলার আয়োজকরা। এক্সপো মেকার আয়োজিত এই মেলার সমন্বয়ক আল আমীন দেওয়ান জানান, আগের ১১টি আসরের মতো এই আসরও ল্যাপটপ ক্রেতাদের জন্য অনেক অফার নিয়ে আসবে। সংবাদ সম্মেলনে মেলার স্পন্সর ও কো-স্পন্সর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার সমন্বয়ক জানান, এবারের আয়োজনে ৭টি প্যাভিলিয়ন, ৮টি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট পিসি, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। এবারেই প্রথম এই মেলায় পণ্য ব্যবহারের অভিজ্ঞতাও নেওয়া যাবে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি। থাকছে গেমিং জোন। মেলার প্রবেশ মূল্য বিশ টাকা। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।