দিনাজপুরে আগামীকাল আত্রাই ব্রিজের উদ্বোধন

দিনাজপুরে আগামীকাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে আত্রাই নদীর উপর নির্মিত ১শ’ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ। এই বহুল আকাঙ্ক্ষিত ব্রিজটির উদ্বোধন করবেন চিরিরবন্দর-খানসামা-৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উল্লেখ্য, আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বপ্রথম এই ব্রিজটির প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেন। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তার কথা শুনে সাথে সাথে এই ব্রিজটি নির্মাণের অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর এর বাস্তবায়নে দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চিরিরবন্দর জিসি (ছোট বাউল) হতে লক্ষ্মীতলা ভায়া ভিয়াইল ইউপি অফিস রাস্তায় আত্রাই নদীর উপর ১শ’ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি নির্মিত হয়েছে। ব্রিজটির প্রস্থ ৫.৫০ মিটার, স্প্যান সংখ্যা ৫টি ব্রিজটির কাজ শুরু হয়েছিল গত ২১ জুন’১০। কাজ সমাপ্তি হয় ২০ ডিসেম্বর’১২। ব্রিজটির নির্মাণে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ কাজের সার্বিক ও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোকলেসুর রহমান।