প্রধানমন্ত্রী রাঙ্গামাটি যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে উদগ্রীব রাঙ্গামাটিবাসী। তাঁকে স্বাগত জানাতে দল ও মহাজোটের পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকার গঠনের পর আওয়ামী লীগ তথা মহাজোট নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো আগামীকাল রাঙ্গামাটি আসছেন। বাঘাই ছড়ির সাজেক ও কেওক্রাডং পরিদর্শন শেষে রাঙ্গামাটি পৌঁছে প্রধানমন্ত্রী এখানকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পর্যটন শহর রাঙ্গামাটিকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার, বিলবোর্ড সাঁটানো হয়েছে শহর জুড়ে। সড়কে সড়কে স্থাপন করা হয়েছে অসংখ্য তোরণ। সর্বোপরি প্রধানমন্ত্রীর রাঙ্গামাটি আগমন উপলক্ষে রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি এলাকায় যেমন বিরাজ করছে উত্সবের আমেজ, তেমনি তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।