৬০ বছরেও ভাষা সৈনিক সালামের কবর সনাক্ত হয়নি

মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য ১৯৫২ সালে যেসব বীর সৈনিক অকাতরে জীবন দান করেছে শহীদ আবদুস সালাম তাদের মধ্যে অন্যতম। ১৯২৫ সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুরে (সালাম নগর) তিনি জন্মগ্রহণ করেন। সালামের একমাত্র ছোট ভাই সুবেদার (অবঃ) আবদুল করিম জানান, আজিমপুরে আমার বড় ভাই সালামের কবর সনাক্ত করে পাকাকরণ ও সালামের নামে গ্রামের নামকরণ এবং সালাম কমিউনিটি বিদ্যালয়ের ভবনটি অবিলম্বে নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সালামের নামে লক্ষণপুরে রয়েছে একটি বেসরকারি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থ বরাদ্দ হলেও জমি সংকুলানের কারণে ভবন নির্মাণ হচ্ছে না। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। এলাকাবাসী জানান, সালামের নামে গ্রামের নামকরণ করা হলেও তার বাস্তবায়ন হয়নি। ২০০৭ সালে তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সালামের নামে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর। সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের জমিদাতা আবুল কালাম জানান, সালাম নগরকে রক্ষা, স্কুল ভবন নির্মাণ ও সালামের পরিবারের প্রতি সুদৃষ্টি দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।