চাটখিলে আইন-শৃঙ্খলার চরম অবনতি

নোয়াখালী জেলার চাটখিলের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এতে করে জনমনে চরম আতংক দেখা দিয়েছে। উপজেলা দক্ষিণ সীমান্তবর্তী এলাকার সাহাপুর, রামনারায়ণপুর, খিলপাড়া এবং উত্তর অঞ্চলের মোহাম্মদপুর ইউনিয়ন সন্ত্রাস কবলিত এলাকায় পরিণত হয়েছে। দক্ষিণ সীমান্তবর্তী এলাকার তিন ইউনিয়নের সন্ত্রাস কবলিত লক্ষ্মীপুরের ৪/৫টি সন্ত্রাসী বাহিনী দেলিয়াই বাজার থেকে সোজা পশ্চিমে সোমপাড়া এলাকা, রামনারায়ণপুর ইউপি অফিসের পশ্চিমে বজারহাট এলাকাসহ কয়েকটি এলাকা এখন এদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। এ সমস্ত বাহিনীর সাথে যুক্ত হয়েছে চাটখিল এলাকার কিছু সন্ত্রাসী। মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূর মোহাম্মদ মিলনকে গত ৩ ফেব্রুয়ারি রাতে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করে। এজন্য বিক্ষোভ, ধর্মঘট ও মানববন্ধন চলছে। একই রাতে এই ইউনিয়নের দুলালপুর গ্রামে লিটনকে সন্ত্রাসীরা দুইবার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়। গত ১৩ ফেব্রুয়ারি রাতে সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলমের সাহাপুর গ্রামের বাড়িতে এবং একই গ্রামের সৌদি প্রবাসী আনোয়ারুল আজিমের ঘরে, ৩ ফেব্রুয়ারি পশ্চিম রামনারায়ণপুর গ্রামে আবু সায়েদ মার্কেট সংলগ্ন প্রবাসী লিটনের ঘরে এবং এর কিছুদিন আগে শংকরপুর গ্রামের আজাদ ভিলায় দুর্ধর্ষ ডাকাতি হয়।