পাবনায় জঙ্গি মিছিল
আওয়ামী লীগ নেতার
দোকান ভাঙচুর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
জামায়াতের ডাকা রাজশাহী বিভাগের আট জেলায় গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পাবনায় পুলিশের উপস্থিতিতে শিবিরকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করে একটি দোকান, দুটি অটোরিকশা ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা এগারোটার দিকে শহরের চাঁপা মসজিদ এলাকা থেকে লাঠি, লোহার রড, জিআই পাইপ নিয়ে একটি জঙ্গি বিক্ষোভ মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিলটি শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে যাবার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু ইসহাক শামীমের মালিকানাধীন ‘প্যারাডাইস সুইটস’ নামের একটি দোকান ও দুটি অটোরিকশা ভাঙচুর করে। ঘটনার পর থেকে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে ভাঙচুরের খবর পেয়ে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দোকান ভাঙচুরের প্রতিবাদে দুপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।