টাকা নেই তাই আমরা গাঁজা, আর ওরা ফেনসিডিল খায়
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
‘আমরা খাই গাঁজা ওরা ফেনসিডিল’ ‘ফেনসিডিল কিনে খাওয়ার টাকা নেই। তাই আমরা গাঁজা খাই। আর মোটর সাইকেলে চড়ে ওরা প্রতিদিন ফেনসিডিল খেতে আসে।’ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার স্কুলের হাট এলাকার কয়েকজন মাদকসেবী এলাকার মাদক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একথা বলেন।
তাদের মধ্যে রয়েছেন ছাত্র ও ব্যবসায়ী। এক সময়ের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা এলাকাটি আজ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এলাকার ৬০ থেকে ৭০ ভাগ যুবকই মাদক সেবন করে।
এলাকাবাসী আরো জানায়, কথিত কতিপয় নেতা বর্তমানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। জানা যায়, প্রতিদিন রাতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অত্যাচারে ওই এলাকায় বসবাসকারী নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান জানান, মাদক ব্যবসা রোধে প্রতিনিয়ত ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা ধরা পড়ার পর জামিনে বের হওয়ায় আবার ওই ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে।