বাঘায় রিলিফ বিতরণ নিয়ে চেয়ারম্যান-ইউএনও বিরোধ

রাজশাহীর বাঘায় টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের তালিকা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাসিক সমন্বয় সভা বয়কট ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউপি চেয়ারম্যানরা। গত বুধবার দুপুরে রাজশাহী উপজেলা সদরে সমাবেশ শেষে ইউপি চেয়ারম্যানরা ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে। আড়ানী ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন বলেন, বাঘা উপজেলা চেয়ারম্যান বয়েজুল ইসলাম খানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় ইউএনওর সঙ্গে চেয়ারম্যানরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা সভাস্থল থেকে বেরিয়ে যান এবং বর্তমান ইউএনওর অধীনে কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ না করার ঘোষণা দেন। পরে তারা ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ব্যাপারে ইউএনও আব্দুস সোবহান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সঠিকভাবে প্রকল্পের কাজ বুঝে নেয়ার জন্য পিআইওকে তিনি নির্দেশ দিয়ে কোনো অন্যায় করেননি। বাঘা উপজেলা চেয়ারম্যান বয়েজুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানরা সভাস্থল থেকে চলে যাওয়ায় সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে।