নান্দাইলে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হজরত আলী নামের মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় দুইজন পুলিশ আহত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সাভার গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত হজরত আলী (৪৫) উপজেলার সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ওসি কামাল বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবর পেয়ে পুলিশের দুটি দল অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হজরত আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই পুলিশ হলেন শফিকুল ও সাইদুল।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, ১৫ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত হজরতের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন : শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে