টেকনাফে হয়ে মালয়েশিয়া যাত্রা অব্যাহত
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
টেকনাফ উপকূলীয় এলাকা থেকে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে গত ৪ মাসে অর্ধশতাধিক লোক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এরপরও থেমে নেই সাগর পথে মালয়েশিয়া যাত্রা। আদম পাচারকারীর খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে এসব দরিদ্র মানুষগুলো নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের। জানা যায়, গত ২০১২ সালের শুরু দিকে টেকনাফে একাধিক দালাল এসব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসের মাঝামাঝি মালয়েশিয়া যাওয়ার নামে বোটে তুলে দেয়া হয় অনেককে।
জানা যায়, টেকনাফ উপজেলার লেঙ্গুর বিলের মোঃ ইউনুছ (২৮), শাকের আহমদ (২০), মোঃ আমিন (১৭), আব্দুল শুক্বুর (৪০), মোহাম্মদ আমিন (৩৩), মোহাম্মদ তৈয়ব (৩৫), হাতিয়া ঘোনার রশিদ আহমদ (৪৭), আব্দুল্লাহ (২০), মুহাম্মদ ইসমাইল (৩২), ইব্রাহিম খলিল (২২), আব্দুল মালেক (২২), রফিক আলম (৩২), জাহিদ হোছেন (৩৬), কাঞ্জরপাড়ার লোকমান হাকিম (২৬), হোয়ইক্যং সাতঘরিয়া পাড়ার আবুল হোছেনের পুত্র মোঃ সেলিম (২৮), টেকনাফ কেরুনতলীর ছৈয়দ আমিন (২৪), মিঠাপানির হাফিজ আহমদ (৫০), আব্দুল কাদের (৩৭), কামাল হোছেন (২৩), মোঃ রোহেত (২১), কক্সবাজারের নাফিত খালীর মঞ্জুর আলম (৩৩), শীলখালীর সাইফুল ইসলাম (৩৬), সাবরাংয়ের ছৈয়দ হোছন (৩৬), দরগাহছড়া, মোঃ ইসমাইল (২১), জাহালিয়াপাড়া জাফর আলম (২০), অলী আহমদ (৪১), লাতুরী খোলা শামসুল হক (৩৪), আব্দুর রহিমসহ (৩২) অনেকে দীর্ঘ ৪ মাস ধরে নিখোঁজ। দালালরা মালয়েশিয়া নিয়ে ভাল চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
নিখোঁজ মোহাম্মদ আমিনের পিতা কবির আহমদ জানান, আমি কিছু চাই না শুধু আমার ছেলেকে ফেরত চাই। নিখোঁজ শাকের আহমদের মা বিধবা জরিনা খাতুন বলেন, খুব কষ্টে টাকা জোগাড় করে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছিলাম অভাব দূর করতে। কিন্তু আজ দেখি আমার নাড়ি ছেঁড়া ধনের কোন খবর নেই।
এদিকে দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও তারা ধরা-ছোঁয়ার বাহিরে রয়ে যাচ্ছে। স্বজনদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নিখোঁজের পরিবার, এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা।