বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক লালমনিরহাটসহ দেশের বিভিন্ন সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন ও জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার সকালে বেসরকারি সংস্থা অধিকারের উদ্যোগে র্যালি ও মানববন্ধন পালন করা হয়। জেলা শহরের মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, বেসরকারি সংস্থা মানসিকার সভাপতি আব্দুস সালাম ও দিশা’র নির্বাহী পরিচালক রেশমা খাতুন, অধিকারের জেলা সমন্বয়কারী হাসানুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বিএসএফের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ, বাংলাদেশিদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া ও তাদের খামখেয়ালি গুলিতে নিরীহ বাংলাদেশিদের প্রাণ হারানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অচিরেই তা বন্ধের জোর দাবি জানান। মানববন্ধনে সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।