ফরিদগঞ্জ কেরোয়া কমিউনিটি
ক্লিনিকে ৪ মাস তালা ঝুলছে
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
উপজেলার পৌর এলাকার কেরোয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ৪ মাস যাবত তালা ঝুলছে। এ যাবত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন রকম খবরদারি নেই। সরেজমিন দেখা গেছে , এ কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষের চিকিত্সা সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ কমিউনিটি ক্লিনিকে আয়শা বেগম নামের এক স্বাস্থ্যকর্মী যোগদানের পর অল্প ক‘মাস কাজ করার পর কোন ধরনের অবহিত না করেই কর্মস্থল ত্যাগ করে। এ বিষয়ে সেবা নিতে আসা রোগীরা জানান, আমরা প্রাথমিক চিকিত্সা সেবার পাশাপাশি অনেক ধরনের ওষুধ পেয়ে থাকতাম। বর্তমানে আমরা সম্পূর্ণরূপে সেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও পৌর কাউন্সিলর আলহাজ্ব আবুল হাসেম জানান, প্রায় ৪ মাস হয়ে গেল কোন ধরনের সেবা পাচ্ছে না এলাকার মানুষ। কমিউনিটি ক্লিনিকে তালা ঝুঁলতে দেখা গেছে। স্বাস্থ্যকর্মী আয়শা কোথায় আছে তাও জানি না। সরকার প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের সেবার কথা চিন্তা করে চিকিত্সা সেবাকে গোড় দোড়ে পৌঁছানো লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করলেও এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার দরুন সেবা পাচ্ছে না এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলামকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানান।