সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
গৌরীপুর ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ডোমারে ব্রিজের ভিত্তিপ্রস্তর
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে দু’টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের উত্তর পাঙ্গা বাঘডাঙ্গা রাস্তার ভাঙ্গায় ৩৬ ফুট দৈর্ঘ্য আরসিসি ব্রিজ ও সোনারায় ইউনিয়নের ভেন্সিপাড়া মোজ্জাম্মেল হুুজুরের বাড়ির পূর্বদিকে রাস্তায় ২৬ ফুট দৈর্ঘ্য ব্রিজের নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পীরগঞ্জে মুখরিত বইমেলা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ৪ দিনব্যাপী ২১শে’র বইমেলা বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে।
সৈয়দপুরে বৃদ্ধার পেটে ১২ কেজি টিউমার
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরে শুক্রবার এক বৃদ্ধার পেট থেকে ১২ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। তিনি শহরের চাঁদনগর এলাকার বাসিন্দা বদর উদ্দিন আহমেদের স্ত্রী। ওই মহিলার কিছুদিন ধরে পেট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরে চিকিত্সকের শরণাপন্ন হলে চিকিত্সক অপারেশন করে ১২ কেজি ওজনের টিউমার পেট থেকে বের করে।
পার্বতীপুরে অমর একুশের অনুষ্ঠান
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে উপজেলা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক।
নেত্রকোনায় বইমেলার উদ্বোধন
নেত্রকোনা প্রতিনিধি \ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনা পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে বইমেলা উদ্বোধন করেন সংসদ সদস্য আশরাফ আরী খান খসরু ।
শিবগঞ্জে গুণীজন সংবর্ধনা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিরার সাহাপুর রাঘববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারাপুর সাহাপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষানুরাগী পল্লী চিকিত্সক আঃ রশিদ মাস্টারকে গুণীজন ও ২০১২ সালের এসএসসি পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
বান্দরবনে ডাকাতের হামলায় নিহত ১
বান্দরবান প্রতিনিধি \ বান্দরবানের লামায় ডাকাতের হামলায় ১ জন মারা গেছে। এসময় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকায় ডাকাতের ছুরির আঘাতে আবদুল আজিজ (২২) নামে একজন মারা গেছে। সংঘদ্ধ ডাকাত দল হারগাছা গ্রামে হানা দিয়ে ৪/৫টি বাড়িতে ডাকাতি চালায়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, সংঘবদ্ধ ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বরুড়ায় জামায়াত নেতা গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার বরুড়া উপজেলা জামায়াত নেতা কামাল হোসেনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বরুড়া (উত্তর) উপজেলা জামায়াতের রোকন উপজেলার হোসেনপুর গ্রামের মো. কামাল হোসেনকে বৃহস্পতিবার রাতে বরুড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
দৌলতপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ছয়
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ উপজেলার চামনা এলাকা থেকে ইয়াদুল (৩২) ও কল্যাণপুর এলাকার আমজাদকে (৩৫) গ্রেফতার করেছে।
উখিয়ায় শহীদ মিনারের ফলক উন্মোচন
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ উখিয়ার আদালত ভবন চত্বরে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়বরাদ্দে একটি শহীদ মিনার নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি নির্মাণাধীন শহীদ মিনারের ফলক উন্মোচন করেন।
নাসিরনগরে বিনামূল্যে চিকিত্সাসেবা
নাসিরনগর সংবাদদাতা \ শুক্রবার নাসিরনগর উপজেলার ভুবন-শ্যামপুর মুহাম্মদ কুতুব উদ্দিন ভুঁইয়া স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শ্যামপুর আল মদিনা জামে মসজিদ চত্বরে দিনব্যাপী গবির ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
নাটোরে দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
নাটোর প্রতিনিধি\ বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আমীর হাশেম আলী মীর আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন-ই-আলম জানান, উপজেলা জামায়াতের আমীর হাশেম আলীকে নিয়ে আব্দুস সালাম মোটরসাইকেলযোগে নাটোর থেকে লক্ষ্মীকোল ফিরছিলেন। বনপাড়ার কাছে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ময়মনসিংহে হাতের লেখা প্রতিযোগিতা
ময়য়নসিংহ প্রতিনিধি\ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার ব্যবস্থাপনায় একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংগ্রহশালা প্রাঙ্গণে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রায়পুরায় অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাসনাবাদ বাজারে ঘটনাটি ঘটে।
সানরাইজ পাবলিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ উপজেলার সানরাইজ পাবলিক স্কুলের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার রায়পুরা কলেজ মাঠে বিপুল উত্সাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। রায়পুরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপেজলা উন্নয়ন কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু।
সিরাজগঞ্জে শেখ রাসেল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
সিরাজগঞ্জ প্রতিনিধি\ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়। এ উপলক্ষে জেলা শাখার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে “মুক্তির সোপানে” যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শিশু-কিশোর সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে। সংগঠনের কেন্দ ীয় নেতা ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন রতু।
গাইবান্ধা মহিলা পরিষদের সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি \ ‘সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় চাই নারীর সম-অংশীদারিত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের গাইবান্ধা জেলা শাখার ষষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।
পল্লীকথার যাত্রা শুরু
গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধার বোনারপাড়া থেকে আসাদ খন্দকার সম্পাদনায় পল্লীকথা নামে একটি মাসিক পত্রিকা যাত্রা শুরু করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন, সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও অবসরপ্রাপ্ত জেলা এ্যাডজুটেন্ট বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ মোদক ও সাংবাদিক আফতাব হেসেন।
সিংগাইরে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবাসহ মজিবর (৪০) নামের একজনকে গ্রেফতার করে শুক্রবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত মজিবর ফরিদপুর জেলা কোতয়ালী থানার বিল মাহমুদপুর গ্রামের মৃত নবু প্রামানিকের পুত্র।
বামনায় একজনের আত্মহত্যা
বামনা(বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় মোসাঃ তামান্না আক্তার(১৭) বৃহস্পতিবার বামনা ডিগ্রী কলেজ রোডস্থ তার মামা মোঃ মজিবুর রহমানের বাসায় আত্মহত্যা করেছে। এব্যাপারে বামনা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে।
চট্টগ্রামে কারারক্ষীদের বাসভবনে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম অফিস \ নগরীর কোতোয়ালি থানা জেলরোডে অগ্নিকাণ্ডে কারারক্ষীদের চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাশে কারারক্ষীদের কাঁচা বসতঘরে আগুন লাগে।
মেলান্দহে ফেন্সিডিলসহ আটক ৫
মেলান্দহ সংবাদদাতা \ বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকা থেকে ২৫০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। মেলান্দহ থানার ওসি বিল্লালউদ্দিন জানান,অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার রৌমারীর পুরারচর গ্রামের ফরহাদ রেজা (২৫), জাহিদুল ইসলাম (২২), কামরুল ইসলাম (২৪), দেওয়ানগঞ্জের সাদ্দাম হোসেন (২৮) ও সুলতান আহমেদকে (৩০) আটক করা হয়।
উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়ায় এবছর প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার মধ্যেও সরিষার বাম্পার ফলন। উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, বিঘাপ্রতি ফলন হয়েছে ৪ থেকে ৫ মণ। প্রান্তিক চাষিরা সরিষা বিক্রির আয় দিয়ে ইরি-বোরো আবাদ খরচ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। বাজারে সরিষার দাম পড়ে যাওয়ায় কৃষকরা হতাশ।
তালতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে গ্রেফতার
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তালতলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর বখাটে ছাত্র মোঃ আল আমিনকে (১৯) ভ্রাম্যমাণ আদালত একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
বড়াইগ্রামে ইভটিজিংয়ের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বৃহস্পতিবার রাজু (২০), তুহিন (২০) ও আরিফ (২১) নামে ৩ বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেন।
সাতকানিয়ায় শিক্ষাসামগ্রী বিতরণ
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার ১নং পৌরসভার দক্ষিণ রামপুর সবুজ সংঘের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দক্ষিণ রামপুর স্কুল মাঠে আলোচনা সভা সবুজ সংঘের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।