লৌহজং নদী এখন ফসলের মাঠ
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
দেলদুয়ারের লৌহজং নদী এখন ফসলের মাঠ। নাব্যতা হারিয়ে জেগে উঠেছে চর। এক সময়ের প্রবাহমান লৌহজংয়ের দিকে তাকালে এখন আর তাকে নদী মনে হয় না। সুজলা সুফলা ফসলে পরিপূর্ণ নদীর বুক। নদীর বুক চিরে এখন আর পাল তোলা নৌকা দেখা যায় না। চোখে পড়ে না মাঝির দাঁড় বেয়ে নৌকা টেনে নেয়ার দৃশ্যও। অথচ এমন এক সময় ছিল যখন পণ্যবাহী নৌযান ধোয়া উড়িয়ে মাল নিয়ে ছুটতো নদীর এ প্রান্ত থেকে সে প্রান্তে। জেলে পরিবারগুলোও পেশা বদল করে গ্রহণ করেছে নতুন পেশা। দেলদুয়ার উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৩টি নদীই পলি পড়ে ভরাট হয়ে গেছে। ফলে পানি শূন্য হয়ে নদীগুলো হারিয়ে ফেলেছে নাব্যতা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বারপাখিয়া ও কোপাখী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত লৌহজং নদীতে অগভীর নলকূপ স্থাপন করে চাষ হচ্ছে নানা রবিশস্য। তাছাড়া নদীটির পাড় দখল করে তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। কালের আবর্তে নতুন প্রজন্মের কাছে এসব শুধুই ইতিহাস। উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী ধলেশ্বরী। এটি টাঙ্গাইলের যমুনা নদীর শাখা নদী। সম্প্রসারিত যমুনায় পানির প্রবাহ কমে যাওয়ায় এ শাখা নদীগুলোতেও প্রভাব পড়েছে।