পুকুর ভরাটের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লায় ২শ’ বছরের পুরানো ৩ একরের একটি পুকুর ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। জেলার আদর্শ সদর উপজেলার কাজীপাড়া এলাকায় ২শ’ বছরের একটি প্রাচীন মসজিদে ঐ গ্রামসহ আশপাশের অরণ্যপুর, ঘিলাতলী, তেতৈয়ারা, দাউদের খাড়া গ্রামের মুসুল্লিরা নামাজ আদায় করে থাকেন। ঐ মসজিদের মুসুল্লিদের ওযুসহ স্থানীয় লোকজনের পানীয়জলের সংকট নিরসনের জন্য ৩ একরের একটি পুকুর রয়েছে। একটি ভূমিদস্যুচক্র ঐ পুকুরটি বুধবার থেকে রাত-দিনে ট্রাক্টর দিয়ে মাটি এনে ভরাট করতে থাকে। শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসে প্রাচীন এ পুকুরটি ভরাট করতে দেখে নামাজ শেষে মুসুল্লি ও এলাকাবাসী পুকুরটি ভরাট বন্ধের জন্য দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মসজিদ কমিটির কাজী নজরুল ইসলাম, তালাত মাহমুদ মাসুম, আলহাজ্ব মো. আলী আশ্রাফ, কাজী আলফু মিয়া, গ্রামের সর্দার মোসলেহ উদ্দিন আহমেদ, কাজী মকবুল, অধ্যক্ষ মাওলানা কাজী সাদেক, খোরশেদ আলম, জাহিদুল কবির সরকার, আবুল বাশার প্রমুখ।