লালমোহনে ছাত্রদলের কমিটি গঠন

লালমোহনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে ছাত্রদলকে মাঠে নামানোর জন্য এবার ঢেলে সাজানো হচ্ছে ছাত্রদলের কমিটি। সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। নতুন কমিটিতে আসতে প্রার্থীদের লোবিং গ্রুপিং চলছে সমানতালে। তবে ইতিমধ্যে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি শাহবাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি চূড়ান্ত করে ফেলেছে জেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণার আগেই প্রার্থীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। তবে সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ স্বাক্ষরিত ঘোষিত সরকারি শাহবাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে ফজলে রাব্বী নাফীজকে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. আইয়ুব আলী রুবেল জমাদার, মো. রাছেল, মো. মইনুল ইসলাম (সুজাত), মো. আবু রায়হান, ওয়াছেক বীন ওয়াহিদ (শাকিব), জাফর উল্লাহ, মো. জিয়াউর রহমান ও জহির উদ্দিন।