বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী রোগীর ছাড়পত্রের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মেডিকেল সার্টিফিকেট বিলম্বে পাওয়ায় বিচার এবং মামলার তদন্ত কাজে বিঘ্ন ঘটার অভিযোগের প্রেক্ষিতে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে এই নির্দেশ দেন। এ সময় তিনি যত দ্রুত সম্ভব ময়না তদন্ত এবং ভিসেরা রিপোর্ট দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বলেন, 'হাসপাতালকে দালাল মুক্ত করতে হবে এবং হাসপাতাল কম্পাউন্ডে অ্যাম্বুলেন্স রাখা যাবে না। হাসপাতালের সামনে দোকানপাটও রাখা যাবে না।' এ সময় তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে বলেন, 'পরিচ্ছন্নতা কর্মীরা যদি হাসপাতালকে পরিস্কার না রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের কার্যক্রম বর্তমান নবনির্মিত আড়াইশ শয্যা ভবনে চলমান থাকায় নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর না হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'যে দুইটি ফ্লোরে মেডিকেল কলেজের কার্যক্রম চলমান রয়েছে, সে দুইটি বাদ দিয়ে অবশিষ্ট ৬টি ফ্লোরে শিগগিরই কার্যক্রম স্থানান্তর করা হবে।'
আরও পড়ুন: ২৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
ইত্তেফাক/জেডএইচডি