প্র জ ন্মে র বই
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৮
যিনি নিজের ভাষাকে সহজ, প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় গুছিয়ে পাঠকের সামনে তুলে ধরেন তাকেই আমরা সাধারণ অর্থে লেখক বলে থাকি। একজন লেখক বরাবরই তার দৈনন্দিনের দেখা অভিজ্ঞতাগুলো পাঠকের জন্য মেলে ধরেন। লেখকের চিন্তার গতিপ্রকৃতি সব সময়ই থাকে আর দশজন মানুষের মতোই স্বাভাবিক কিন্তু তার দেখার দৃষ্টিটি থাকে অন্যদের থেকে একেবারেই ভিন্ন, একজন লেখক তার জীবন যাপনের পাশাপাশি জীবন উদযাপন করেন ভাবনা এবং লেখালেখির খরস্রোতা নদীতে বৈঠা বেয়ে। অন্যান্যবারের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এই প্রজন্মের লেখকদের বই। তাই এই প্রজন্মের কয়েকজন মেধাবী লেখকদের বই নিয়ে আমাদের এই আয়োজন।
আঁধারের রাজপুত্র
মধ্যবিত্ত জীবন ও জগত্ নিয়ে লেখা ‘আঁধারের রাজপুত্র’। মূলত এটি একটি কিশোর উপন্যাস। মধ্যবিত্ত জীবন, চরিত্র এবং কাহিনী নিয়ে লেখা একটি অসাধারণ উপন্যাস। গল্পের প্রধান চরিত্র অন্তু, সে ক্লাস এইটে পড়ে। লেখক খুব সহজভাবে এই চরিত্রের মধ্য দিয়ে এই বয়সী একটি ছেলের জীবন যাপন, তার স্বপ্ন এবং বাস্তবতা তুলে ধরেছেন। বইটির লেখক পাপ্পু হাসান। ১৯৯১ সালের ৬ আগস্ট জন্ম নেওয়া এই লেখকের দেশের বাড়ি কিশোরগঞ্জে। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ অধ্যয়ন করছেন তিনি। তার অবসর কাটে বই পড়ে এবং লেখালেখি করে।
---
বিয়ান
ব্রিটেনের জনপ্রিয় রেডিও এবং টিভি উপস্থাপক ইকবাল ফেরদৌস ইতোমধ্যেই রেডিও এবং টিভিতে ভিন্নধর্মী নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি কমিউনিটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মেধাবী এ তরুণের প্রথম গল্পগ্রন্থ ‘বিয়ান’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন স্পেন প্রবাসী বাঙালি চিত্রশিল্পী মনিরুল ইসলাম আর অলংকরণ করেছেন রবি হাসান। প্রকাশনায় রয়েছে প্রিয়মুখ প্রকাশনী। গ্রন্থটি প্রসঙ্গে ইকবাল ফেরদৌস বলেন, ‘আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া নানা অসংগতিগুলো গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’
---
ব্ল্যাক লাইট
এবারের বইমেলায় এসেছে শাহ মোহাম্মদ মোশাহিদের কিশোর থ্রিলারধর্মী উপন্যাস ব্ল্যাক লাইট। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ১০৫ টাকা। প্রচ্ছদ করেছেন রিমঝিম। উপন্যাসটি মূলত ভৌতিক কাহিনী নিয়ে। তবে বিদেশি গল্পের সাথে এই উপন্যাসের কাহিনীর অনেক পার্থক্য রয়েছে। বিদেশি ড্রাকুলাকে লেখক দেশি উপযোগী করে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। এখানেই লেখকের সার্থকতা। শাহ মোহাম্মদ মোশাহিদ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে চলেছেন দীর্ঘদিন হলো। এটি তার প্রকাশিত দ্বিতীয় বই।
----
দ্রোহের গান
এবারের একুশে বইমেলায় বেড়িয়েছে দ্রোহের কবিতা নিয়ে খ ম সফিকুল ইসলামের কবিতার বই ‘দ্রোহের গান’। সাঁকুবাড়ি প্রকাশন থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে মাত্র ৭০ টাকায়। মানুষ হিসেবে জন্ম নেওয়ায় সব কিছু মেনে নেওয়ার সীমাহীন ক্ষমতা আমাদের। দুর্ঘটনাকে দুর্ঘটনাই বলি, এর পেছনে কারা দায়ী, কীভাবে দায়ী কারণ খুঁজতে যাই না। আজ মৌনতাই শুধু প্রতিবাদের ভাষা নয়, সমাজের নানা বৈষম্য, দুরদশার চিত্র ফুটে উঠেছে বইটির কবিতার প্রতিটি পঙিক্ততে। বিক্ষুব্ধ এই সময়ের দাবি মেটাতে কবিতার শব্দচয়নে সোচ্চার কবি গেয়েছেন দ্রোহের গান।
----
দ্রোহী মুসাফির
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শাহাব উদ্দিন আহমেদের উপন্যাস ‘দ্রোহী মুসাফির’। রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩৫ টাকায়। শাহাব উদ্দিন আহমেদ আধুনিক যুগের এক প্রতিযোদ্ধা ঔপন্যাসিক। তার লেখায় পাঠক ধরে রাখার এক অভূতপূর্ব শক্তি নিহিত আছে। ‘দ্রোহী মুসাফির’ বর্তমান সময়ের এক অনন্য রচনা। রম্যকথন এই রোমান্টিক প্রেমের উপন্যাসের স্বাদ পাঠককে আপ্লুত করবেন।
---
মিথ্যের ভাঁজ
‘মিথ্যের ভাঁজ’ উপন্যাসটি সমসাময়িক। উপন্যাসটির ঘটনা প্রবাহ এমনভাবে সাজানো হয়েছে, তা যেকোনো মানুষের সাথেই মিলে যেতে পারে। উপন্যাসটি কাল্পনিক হলেও সম্পূর্ণ বাস্তবভিত্তিক। ‘মিথ্যের ভাঁজ’ উপন্যাসটি লিখেছেন এ সময়ের তরুণ লেখক ফিহির হোসাইন। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। ফিহির পড়ালেখার পাশাপাশি লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। তিনি বলেন, ‘লেখালেখিকে ছোটবেলাতেই ভালোবেসে ফেলেছি। তাই আর ছাড়িনি। ছাড়তে পারব বলেও মনে হয় না। এই বইটি নিয়ে আমার স্পেশাল চাওয়া রয়েছে। আশা করছি, পাঠকের ভালো লাগবে বইটি।’
----
স্কুলজুড়ে আতংক
শান্ত সুন্দর একটি স্কুল। বিশেষ একটা কারণে হঠাত্ এই স্কুলে আতংক ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। অভিভাবকরা দোষ দিতে থাকেন হেডস্যারকে। এরমধ্যে ঘটে আরেকটা দুর্ঘটনা। স্কুলের আতংক আরও বাড়তে থাকে। এই হলো ইকবাল খন্দকারের লেখা কিশোর থ্রিলার উপন্যাস ‘স্কুলজুড়ে আতঙ্ক’-এর সারসংক্ষেপ। বইটি প্রকাশ করেছে শুভ্র প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। আর মূল্য ১৩৫ টাকা।
----
স্মৃতিমেঘ, স্বপ্নজলরেখা
এই বইমেলায় এসেছে তরুণ কবি সেজুল হোসেনের জার্নাল ‘স্মৃতিমেঘ, স্বপ্নজলরেখা’। স্বপ্নসিঁড়ি প্রকাশন থেকে বইটি প্রকাশিত হলেও পরিবেশক হিসেবে ভাষাচিত্রের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। আড়াই ফর্মার ঝকঝকে এ বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ৬০ টাকা। এটি সেজুল হোসেনের দ্বিতীয় গ্রন্থ। প্রথম কবিতার বই ‘ফুলপাখির জন্মমৃত্যু’ প্রকাশিত হয়েছিল ২০১০ বইমেলায় শুদ্ধস্বর থেকে। ‘স্মৃতিমেঘ, স্বপ্নজলরেখা’র বিষয় নিয়ে সেজুল জানান, সময়, শরীর, সম্পর্ক ও জীবনের নানা রকম অভিজ্ঞতা প্রসূত ব্যক্তিগত উপলব্ধি নিয়েই এই বই। বইটি অনেকটা আত্মকথনমূলক।