প্লে স্টেশন ৪ আনল সনি

অনেক জল্পনা-কল্পনার পর টেক জায়ান্ট সনি অবশেষে অবমুক্ত করল তাদের জনপ্রিয় গেম কনসোল প্লে স্টেশনের নতুন সংস্করণ প্লে স্টেশন ৪। নিউইয়র্কে এক সম্মেলনে এই কনসোল অবমুক্ত করে তারা। আগের সংস্করণগুলোর চাইতে আরও উন্নত গ্রাফিক্স আর নতুন সোস্যাল ফিচার নিয়ে তৈরি হয়েছে এই নতুন সংস্করণের গেম কনসোল। ২০০৬ সালে বাজারে আসা প্লে স্টেশন ৩ ইতোমধ্যেই বিক্রির সংখ্যায় পেরিয়ে গেছে ৭৫ মিলিয়ন ইউনিট। এই সাফল্যের যাতে পুনরাবৃত্তি ঘটে প্লে স্টেশন ৪-এ, তার জন্যই পূর্ণ প্রস্তুতি নিয়েই এটি বাজারে এনেছে সনি—এমনটাই জানিয়েছে সনি কর্তৃপক্ষ। মাত্র কিছুদিন আগেই নিনটেনডোর বাজারে আনা উই উই এবং মাইক্রোসফটের বাজারে আনতে যাওয়া এক্সবক্স ৩৬০-এর নতুন সংস্করণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই প্লে স্টেশন ৪কে। নতুন সংস্করণের এই কনসোলটির জন্য সনি ইতোমধ্যেই নতুন সফটওয়্যার এবং গেমের ঘোষণা দিয়ে রেখেছে। সনি জানিয়েছে, এই প্রথমবারের মতো তারা তাদের প্লে স্টেশন গেম কনসোলে ব্যবহার করেছে এক্স৮৬ সিরিজের অর্থাত্ পিসি সিরিজের প্রসেসর। এর বাইরে এতে একটি জিপিইউ (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস)ও রয়েছে। এগুলো তৈরি করেছে এএমডি। রয়েছে ডুয়ালশক ৪ কন্ট্রোলার, টাচপ্যাড, শেয়ার বাটন এবং লাইটবার। সনি জানিয়েছে, প্লে স্টেশন ৪ গেমারদের সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা প্রদান করবে। একে নতুন প্রজন্মের গেম কনসোল হিসেবেও অভিহিত করছে সনি।